আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে জাতিসংঘের সাত শান্তিরক্ষী নিহত হয়েছেন। জাতিসংঘ এক টুইটে বলেছে, এ ঘটনায় আরও তিনজন মারাত্মক আহত হয়েছেন। খবর আল-জাজিরার।
গত বুধবার বান্দিয়াগারা এলাকায় একটি সরঞ্জামবাহী বহরে বোমা বিস্ফোরিত হয়। ওই এলাকায় আল-কায়েদা ও আইএস-সংশ্লিষ্ট গ্রুপগুলো সক্রিয়। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
মালি আফ্রিকার অন্যতম বড় দেশ হলেও দরিদ্র। গত ৯ বছর দেশটির সহিংসতা নিরসনে লড়াই করছে পুরনো ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মালির উত্তর ও মধ্যাঞ্চলে ১৩ হাজারের বেশি সেনা মোতায়েন রেখেছে। ২০১২ সালে দেশটিতে শুরু হওয়া সহিংসতা থামাতে এসব সেনা মোতায়েন করা হয়। তিন বছর পর এই সহিংসতা প্রতিবেশী নাইজার ও বুরকিনা ফাসোতেও ছড়িয়ে পড়ে। এসব এলাকায় সহিংসতায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০১৩ সাল থেকে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ২৩০ সদস্য নিহত হয়েছেন। এটাই জাতিসংঘের সবচেয়ে প্রাণঘাতী মিশন।
