‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগ আয়োজন করেছে ‘প্রজাপতি মেলা ২০২১’।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে শুক্রবার বেলা ১১টায় মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার।
এ সময় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য সিরাজগঞ্জের আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলীকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড ২০২১’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সমীকে ‘বাটারফ্লাই ইয়াং ইনথুজিয়াস্ট অ্যাওয়ার্ড ২০২১’ প্রদান করা হয়।
প্রজাতির মেলার আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে। প্রজাপতি ছোট পতঙ্গ হলেও পরাগায়ণের মাধ্যমে বনাঞ্চল টিকিয়ে রাখে। এই মেলার মধ্য দিয়ে আমরা যেন প্রকৃতিতে ফিরে যায়। আমাদের উন্নয়ন যেন প্রকৃতিকে ধ্বংস করে না হয়। প্রকৃতিকে আমাদের রক্ষা করতে হবে, এর কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগে ১২০ প্রজাতির প্রজাপতি পাওয়া গেলেও বর্তমানে ৬০ প্রজাতির প্রজাপতি দেখা যায়।
সবুজ বনাঞ্চল টিকিয়ে না রাখলে ভবিষ্যতে প্রজাপতির সংখ্যা আরও কমবে বলে আশঙ্কা করেন অধ্যাপক মনোয়ার।
দিনব্যাপী এ মেলায় রয়েছে জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ও আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা এবং প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন। প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে ‘প্রজাপতি মেলা’।
