বৃহস্পতিবার দিনটা ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে মেতে ছিল গোটা ভারত। তারকা জুটির একঝলক পাওয়ার জন্য ফোর্টের বাইরে অপেক্ষা করছিল শতশত ফোটোগ্রাফার। নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছিল জয়পুর। যদিও ক্যাটরিনার খুব ঘনিষ্ঠ ছাড়া সেই বিয়েতে কারুরই নিমন্ত্রণ মেলেনি! এমনকি ক্যাটরিনার ইন্ডাস্ট্রি ফ্রেন্ড করণ জোহর, একসময়ের বেস্ট ফ্রেন্ড আলিয়া ভাটরাও ছিলেন মুম্বাইতেই।
তবে, করণরা পার্টি করলেন রানি মুখার্জির বাড়ি গিয়ে। বৃহস্পতিবারই ছিল রানি-আদিত্যর মেয়ে আদিরার ৬ বছরের জন্মদিন। মেয়ে রুহি জোহর ও ছেলে যশ জোহরক নিয়ে রানির বাড়িতে যান করণ। ছেলে লক্ষ্য় কাপুরকে নিয়ে পার্টিতে হাজির ছিলেন তুষার কাপুরও। পার্টিতে দেখা মিলল শাহরুখের ছোট ছেলে আব্রামেরও।
ইনস্টাগ্রামে এক পাপারাৎজি পেজ থেকে ছবি শেয়ার করা হয়েছে রানির পার্টি থেকে বের হওয়ার সময়কার। শাহরুখের ছেলেকে দেখে এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘আব্রাম হল আসল রাজপুত্র। বয়স ছোট হলে কী হবে, মুখ দেখে বোঝা যায় একসময় রাজ করবে বলিউডে’। আবার করণ জোহরকে রানি মুখার্জির বাড়ি থেকে বের হতে দেখে এক ইনস্টা-ব্যবহারকারীর মন্তব্য, ‘তাহলে ভিকি-ক্যাটরিনা করণকে নিমন্ত্রণ করেনি’। অথচ করনের কফি উইথ করন শো’র মাধ্যমেই ভিকি-ক্যাটরিনার প্রেমের সূচনা হয়েছিল।
এর আগে বুধবার ক্যাটরিনার মেহেন্দি অনুষ্ঠানের দিন করন জোহর মুম্বাইয়ে তার বান্দ্রার বাড়িতেও একটি পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতে হাজির ছিলেন কারিনা কাপুর, তার বোন কারিশমা কাপুর, আলিয়া ভাট, মালাইকা অরোরা, তার বোন অমৃতা অরোরা, সীমা খান, মাহিপ কাপুর এবং অর্জুন কাপুর।
