ময়মনসিংহের সদরের চরাঞ্চলের সিরতা ইউনিয়নে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পিতাসহ দুজন আহত হয়েছেন।
শুক্রবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার চর সিরতা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আলী আকবরের ছেলে। তিনি পেশায় স্থানীয় বাজারে মুদি দোকানদার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, স্থানীয় একটি মসজিদ কমিটি ও মসজিদের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর আগেও বিষয়টি নিয়ে কয়েকবার সালিস দরবার হয়েছে এবং মারামারির ঘটনাও ঘটেছিল।
এ নিয়ে শুক্রবার সালিস হওয়ার কথা ছিল। কিন্তু বেলা ১২ টার দিকে স্থানীয় একটি বাজারে রফিকুল ইসলামের মুদির দোকানে অবস্থানকালে হঠাৎ প্রতিপক্ষের লোকজন রফিকুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় কাঠের চেলা দিয়ে রফিকুল ইসলামের মাথায় আঘাত করা হয়। বিষয়টি দেখে রফিকুল ইসলামের বাবা আলী আকবর ও স্থানীয়রা ফেরাতে আসলে তাদেরও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রফিকুল ইসলাম মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান চলছে বলেও তিনি জানান।
