আজ থেকে শুরু হচ্ছে শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০২:২২ এএম

সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ৬-১১ মাস বয়সী প্রায় ২৩ লাখ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮৭ লাখ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। দেশের ১ লাখ ২০ হাজার কেন্দ্রে শিশুদের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে করোনার কারণে এবার বাস ও রেলস্টেশনগুলোতে ভ্রাম্যমাণ কেন্দ্র পরিচালনা বন্ধ থাকবে। আজ দুপুরে বাংলাদেশ (ঢাকা) শিশু হাসপাতাল প্রাঙ্গণে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঢাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।

জাতীয় পুষ্টি সেবা ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) ডা. গাজী আহমাদ হাসান বলেন, ওয়ার্ড পর্যায়ে ইপিআই আউট রিচ সেন্টার, কমিউনিটি ক্লিনিক, পরিবার কল্যাণ কেন্দ্র (এফডব্লিউসি), উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালের ইপিআই কেন্দ্র ও মেডিকেল কলেজে কেন্দ্র করা হবে। এ ছাড়া শহরাঞ্চলে আরবান ডিসপেনসারি এবং জনস্বাস্থ্য নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান যেমন সূর্যের হাসি ক্লিনিক ও মেরিস্টোপের মতো বিভিন্ন বেসরকারি এনজিওতে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া মহানগর এলাকায় মাইকিং, জুমার নামাজের আগে মসজিদের ইমাম-খতিবের মাধ্যমে মুসলিমদের অবহিতকরণ এবং অন্যান্য উপাসনালয়ের মাধ্যমেও একই বার্তা পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে হেলথ ওয়ার্কারের সঙ্গে দুজন করে স্বেচ্ছাসেবক থাকবেন। প্রত্যেক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের তদারকি করতে স্বাস্থ্য সহকারী ও হেলথ ইন্সপেক্টর নিয়োজিত রয়েছেন। পাশাপাশি বেসরকারি এনজিও কর্মীরাও সহায়তা করবেন।

চিকিৎসকরা বলছেন, আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কোনো বিকল্প নেই। এ ক্যাপসুল শিশুর জন্য নিরাপদ। অন্ধত্ব থেকে রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ শিশুর মৃত্যুঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ অপরিহার্য। কোনো শিশু যেন ভিটামিন এ খাওয়ানোর সরকারি এ কার্যক্রম থেকে বাদ না পড়ে, স্বাস্থ্য বিভাগ সেই উদ্দেশ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত