আগামীকাল ১২ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধান রাজনৈতিক দুই দল আওয়ামী লীগ ও বিএনপি মতাদর্শের শিক্ষকরা। নির্বাচনে পৃথক দুটি করে প্যানেলে অংশ নিচ্ছে তারা।
জানা যায়, নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের বর্তমান কমিটির পক্ষে ১৫ জনের একটি পূর্ণ প্যানেল অংশ নিবে। এতে সভাপতি পদে আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডল ও সম্পাদক পদে বর্তমান প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন নির্বাচন করবেন।
অপরদিকে ফোরামের পূর্বের কমিটির পক্ষের শিক্ষকরা ছয়টি পদে নির্বাচনে অংশ নিতে চাইলেও শেষ সময়ে এসে তা প্রত্যাহার করেছেন।
শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, ‘সমঝোতার জন্যই আলোচনা হয়েছিল। আমরা মনে করি ঐক্যের জন্যই অন্য পক্ষের শিক্ষকরা প্রার্থিতা প্রত্যাহার করেছেন।’
এদিকে জাতীয়তাবাদী শিক্ষকরাও নির্বাচনে দুটি প্যানেলে অংশ নিচ্ছে। এই আদর্শের শিক্ষকদের বড় সংগঠন জিয়া পরিষদ জামায়াতকে সঙ্গে নিয়ে ১৫ জনের একটি পূর্ণ প্যানেল ঘোষণা করেছে। এতে সভাপতি পদে হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মিজানূর রহমান ও সম্পাদক পদে আরবি ভাষা বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অপরদিকে বিএনপিপন্থী শিক্ষকদের আরেকটি সংগঠন সাদা দল নির্বাচনে সাতজনের একটি পৃথক প্যানেল অংশ নেবে। এতে ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এ এস এম সরফরাজ নওয়াজ সভাপতি ও সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সেলিম অংশ নেবেন।
এ বিষয়ে জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন বলেন, ‘আমাদের প্যানেল জয়ী হবে এ বিষয়ে আমরা আশাবাদী। ঐক্যবদ্ধ থাকলে শক্তি বাড়তো, কিন্তু কতিপয় শিক্ষক জিয়ার নামে রাজনীতি করতে চায় না বলেই আলাদা দল গঠন করেছে।’
