দল থেকে বাদ পড়লেও খারাপ লাগছে না সরফরাজের

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৫:০৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে পাকিস্তান দল থেকে বাদ পড়ার পর এই প্রথম মুখ খুললেন সরফরাজ আহমেদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক জানিয়েছেন, স্কোয়াডে জায়গা না হলেও তিনি ‘খুশি’। সেই সঙ্গে ভক্ত-সমর্থকদেরও অনুরোধ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা তার কবিতার অর্থ দেওয়া থেকে বিরত থাকতে।

করাচিতে এক অনুষ্ঠানে এসে সরফরাজ জানান, দল থেকে বাদ পড়লেও তার খারাপ লাগছে না। এই পাকিস্তানি উইকেটরক্ষক বলেন, ‘আমি খুশি এবং আজকাল নাটক দেখে সময় কাটাচ্ছি। আমি আমার ক্রিকেট উপভোগ করছি।’

উইন্ডিজের বিপক্ষে করাচিতে সীমিত ওভারের সিরিজ খেলবে পাকিস্তান। তার জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি সরফরাজের। ‍এরপর কবিতার মতো করে টুইটারে এক পোস্ট দেন তিনি। যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘লোকজন আমার দোষত্রুটি নিয়ে কথা বলে। যেন তারা একেকজন দেবতা।’

তবে পরে এই টুইট মুছে ফেলেন সরফরাজ। অবশ্য তার আগেই তার এই দুই লাইনের কবিতা নিয়ে মাতামাতি শুরু হয়ে যায়। অনেকে তার ছবির সঙ্গে এই ‘কাপলেট’ জুড়ে দিয়ে পোস্ট দিতে থাকেন।

পরে এই পোস্টের কারণ ব্যাখ্যা করেন সরফরাজ। জানান, কয়েকদিন ধরে দেখা ‘পারি জাদ’ নাটক থেকে অনুপ্রাণিত হয়ে এটা লিখেছেন তিনি।

এই ডানহাতি ব্যাটার জানান, ‘আমার সোশ্যাল মিডিয়া কবিতাকে কোনো অর্থ দেওয়ার চেষ্টা করার দরকার নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত