দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। তবে সেই হতাশা ঝেড়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিউজিল্যান্ড সফরে গেছে টাইগাররা।
শুক্রবার ভোর পাঁচটার দিকে অকল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরপর ক্রাইস্টচার্চে যায় সফরকারীরা। সেখানেই ৭ দিনের কোয়ারেন্টিনে থাকছে টাইগাররা।
কোয়ারেন্টিন শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী, কোয়ারেন্টিনে পর্ব শেষে কভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবে টাইগাররা।
শনিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের কোয়ারেন্টিন পর্ব। পাকিস্তানের বিপক্ষে সিরিজের পরপরই নিউজিল্যান্ড সফরে গেছে টাইগাররা। কোয়ারেন্টিন ও টানা খেলার মধ্যে থাকায় বেশ ধকলও যাচ্ছে তাদের। এই কঠিন সময়ে দোয়া চেয়েছেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আজ আমাদের কোয়ারেন্টিনের প্রথম দিন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর পরই ছেলেরা নিউজিল্যান্ডে এসেছে।’
সুজন আরও বলেন, ‘কঠিন সময় যাচ্ছে। আরও ২/৩ দিন কষ্ট করতে হবে। তারপর গ্রুপ হিসেবে অনুশীলন করতে পারব, জিম করতে পারব। তারপর আস্তে আস্তে অনুশীলন শুরু করতে পারব। আশা করি, কয়েক দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। এ ছাড়া আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। দোয়া করবেন।’
এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। গত ফেব্রুয়ারিতে কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে টাইগাররা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। নতুন বছরের প্রথমদিনে বে ওভালে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে টাইগাররা। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৯ জানুয়ারি, হ্যাগলি ওভালে।
এর আগে, ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। বাবর আজমদের বিপক্ষে হারের পরপরই নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে মুমিনুল হকের দল।
