মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে অন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম।
এ সময় কলেজের উপাধ্যক্ষ ড. খালেদা নাসরিন, শিক্ষক পরিষদের সম্পাদক এবি এস এ সাদী মোহাম্মদসহ ১৯টি বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে শতবর্ষী এই কলেজে আন্তবিভাগীয় ফুটবল, ব্যাডমিন্টন, প্রেজেন্টেশন সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়- রসায়ন বিভাগ ও প্রাণীবিদ্যা বিভাগের মধ্যে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, মহান বিজয় দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। মানসিক বিকাশ, ব্যায়াম সবকিছুর অন্যতম মাধ্যম খেলাধুলা।
অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদের সব সময় খেলাধুলায় উৎসাহী করবেন। আপনি দায়িত্ব এড়িয়ে যাবেন, কাল আপনার সন্তান আপনার প্রতি দায়িত্ব এড়িয়ে যাবে। সুতরাং যুবকদের মাদক ছেড়ে খেলাধুলাতে মন দিতে উৎসাহিত করুন।
