তারকা অভিনেত্রী অপর্ণা ঘোষ এখন জাপানে। এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘মেহমান’। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি
জাপানের দিনগুলো...
আমার স্বামী জাপান থাকেন। বিয়ের পরপরই চলে আসার কথা ছিল, নানা কারণে তা হয়ে ওঠেনি। এবার সময়-সুযোগ বুঝে জাপানে এলাম। এখনো স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করিনি। ফেব্রুয়ারি মাসে দেশে ফিরব। এ সফরটা আপাতত ঘোরাঘুরির মধ্য দিয়ে কাটবে। বেড়ানো পর্ব শুরু হয়নি। জাপানে আসার পর কোয়ারেন্টাইনে ছিলাম। এখন আবার চলছে তিন সপ্তাহের লকডাউন। তাই জাপানের কোবে শহরেই ঘরবন্দি হয়ে আছি। লকডাউনের পর পরিকল্পনা করব, কোথায় যাওয়া যায়।
মেহমান...
‘মেহমান’ ধারাবাহিকের কাজ অনেক আগেই শেষ করেছি। এর পাশাপাশি আমার আরও যেসব নাটক প্রচার হচ্ছে, তার কাজও অনেক দিন আগেই শেষ। তাই কোনো নাটকের শিডিউল নিয়ে জটিলতা নেই। হোসনে মোবারক রুমি পরিচালিত ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ সিনেমাটি নিয়েই শুধু ভাবতে হচ্ছে। জাপানে আসার কারণে এ মুভিতে অভিনয়ের জন্য সময় দেওয়া কঠিন হয়ে পড়েছে। মুভির সব শিল্পীর শিডিউল আগে থেকে নেওয়া। যেজন্য শ্যুটিং পেছানো কঠিন হয়ে পড়বে। আমি পরিচালককে বলেছি, শ্যুটিং পেছানো সমস্যা মনে হলে, আমার পরিবর্তে কোনো শিল্পী নিয়ে সিনেমার কাজ এগিয়ে নিতে পারেন। আমি চাই না আমার জন্য বাকি শিল্পীদের শিডিউলে সমস্যা তৈরি হোক। এ কথা বলার পর এখন পরিচালক কী করবেন, সেই সিদ্ধান্ত তার ওপরই ছেড়ে দিয়েছি।
অন্ত্যেষ্টিক্রিয়া...
ভালো গল্প ও চরিত্রে কাজের সুযোগ পেয়েও তা করতে না পারলে সত্যি খারাপ লাগে। এই মুহূর্তে কিছু করারও নেই। অভিনয়ের ইচ্ছা শুরু থেকেই ছিল, সেজন্য শিডিউলও দিয়েছিলাম। এখন ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ মুভিতে কাজ করার পুরো বিষয়টা নির্ভর করছে নির্মাতার ওপর। দেখা যাক কী হয়।
অভিনয় বিরতি...
জাপানে এসে অভিনয় জগৎটা মিস করছি এ কথা অস্বীকারের উপায় নেই। লাইট-ক্যামেরা-অ্যাকশন এই শব্দগুলো মগজে গেঁথে গেছে। অনেক দিন যদি এ শব্দগুলো কানে না আসে, মনে হয় কী যেন নেই। তাছাড়া অভিনয়ের প্রতি যে ভালোবাসা জন্মেছে, তাই কখনো অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কথা ভাবতেই পারি না। এজন্য দেশে ফিরেই আবার ক্যামেরার সামনে দাঁড়াতে চাই।
বিদেশে নাটকের দর্শক...
জাপানের কোবে শহরে বাঙালি তেমন চোখে পড়েনি। তবে ইংল্যান্ডে গিয়ে অনেক বাঙালিকে দেখেছি, যারা নিয়মিত আমাদের নাটক দেখেন। পথেঘাটে অনেকেই চিনে ফেলেন, অটোগ্রাফ-সেলফি নিতে চান। এমনকি দাওয়াত করে বসেন অনেকে। অভিনয়ের সুবাদে এই যে মানুষের ভালোবাসা পাচ্ছি, এটাই সবচেয়ে দামি।
