উচ্চ প্রবৃদ্ধি নিশ্চিতে এসএমই খাতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর। এ খাত আধুনিকায়নের মাধ্যমে উৎপাদিত পণ্যের বহুমুখীকরণ নিশ্চিত করতে পারলেই আমাদের অর্থনীতির বিকাশ আরও বেগবান হবে। গতকাল শনিবার রাজধানীতে ‘ডিসিসিআই গুলশান সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নিজস্ব স্থানে এ শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ সময় ব্যবসায়ী সমাজকে একযোগে দলমত-নির্বিশেষে কাজ করে যাওয়ার আহ্বানও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। নতুন ‘ডিসিসিআই গুলশান সেন্টার’ ঢাকা চেম্বারের সদস্যদের পাশাপাশি ব্যবসায়ী সমাজকে সেবা প্রদান করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসন এবং সমুদ্রবন্দরগুলোয় সেবার মান উন্নয়ন ও দ্রুত সময়ে সেবা দেওয়া গেলে, ব্যবসায় ব্যয় কমবে। এতে আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি গতিশীল হবে। ঢাকা চেম্বার সভাপতি রিজওয়ান রাহমান জানান, ডিসিসিআই গুলশান সেন্টার চেম্বারের সদস্যদের মেম্বারশিপসংক্রান্ত সেবা দেওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যবিষয়ক তথ্যপ্রাপ্তির উৎসস্থল হিসেবে কাজ করবে। তিনি বলেন, এসএমই খাত অর্থনীতির মূল চালিকাশক্তি এবং এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা ও অর্থনীতিকে এসএমই শিল্প খাতের উন্নয়নে প্রাধিকার দিতে হবে।
