হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজে যুক্ত হয়েছে আবাসন নির্মাণ প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ। এ প্রতিষ্ঠানের হাত ধরে টার্মিনালের একটি অংশের কাজ শেষ হবে। এ নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের (এডিসি) সঙ্গে চুক্তি করেছে আমিন মোহাম্মদ গ্রুপ।
তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের পরিচালক কিয়ংজু কাং ও আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (অপারেশন্স) মোহাম্মদ তানভীরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রমজানুল হক নিহাদ বলেন, ‘উন্নত ও আধুনিক বিশ্বের মতো করেই আমাদের তৃতীয় টার্মিনাল নির্মিত হচ্ছে। অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা সংবলিত এ এয়ারপোর্ট হবে এশিয়ার সেরা। আমিন মোহাম্মদ গ্রুপ এ নির্মাণকাজের অংশীদার হয়ে গর্বিত।’ বিজ্ঞপ্তি
