ফখরুল বললেন

পুলিশ ও র‌্যাব প্রধানের ওপর নিষেধাজ্ঞা লজ্জার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০১:৫৬ এএম

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদ ও র‌্যাবপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সাতজনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঘটনা দেশের জন্য চরম লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘কী লজ্জা আমাদের পুলিশপ্রধান, আমাদের র‌্যাবপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ নিষেধাজ্ঞা জারি করেছে। কী কারণে এই নিষেধাজ্ঞা, তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। বেআইনিভাবে মানুষকে হত্যা করেছেন। সুতরাং জনগণের কাছে এর জবাব তো দিতেই হবে।’

গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি এটা চমক মনে করি না, আমি এটাকে মনে করি অবশ্যম্ভাবী পরিণতি। এটাই তাদের পরিণতি। এ জন্য যে যারা মানবাধিকার লঙ্ঘন করে, যারা মানুষের অধিকার কেড়ে নেয়, যারা জনগণকে হত্যা করে, তাদের এভাবে পরিণতি হয়। আমার প্রশ্ন এখন? আমরা দেখতে চাই, জানতে চাই যে এই সরকার এই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে যারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা গ্রহণ করবে, নাকি তারা আগের মতো চলবে?’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা বলে আসছি সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করছে, প্রশাসনকে ব্যবহার করে মানুষকে হত্যা করছে নির্মমভাবে। এটা আজকে প্রমাণিত হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গত শুক্রবার যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের যে সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে বাংলাদেশেকে ডাকা হয় নাই। এটাও প্রমাণিত হয়েছে যে এই সরকার বাংলাদেশকে আজ লজ্জার মধ্যে ফেলে দিয়েছে।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী। আপনারা কোনো ব্যক্তি বা দলের কর্মচারী-কর্মকর্তা নন। সুতরাং সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করা আপনাদের দায়িত্ব নয়। যদি করেন একদিন না একদিন সেই পরিণতি আপনাদের বহন করতে হবে।’

এনডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিএনপির আমান উল্লাহ আমান, আবদুস সালাম, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, জাগপার খন্দকার লুৎফর রহমান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত