ভারতের ৫ রাজ্যে ছড়িয়েছে ওমিক্রন

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০১:৫৮ এএম

ভারতের পাঁচ রাজ্যে ইতিমধ্যেই করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে। দেশটিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৩৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে এনডিটিভি। যে পাঁচ রাজ্যে ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সেগুলো হলো মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, কর্নাটক ও দিল্লি। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, ১৭ জন। রাজস্থানে ৯, গুজরাট রাজ্যে ৩, কর্নাটকে ২, দিল্লিতে ২ জন রোগী ওমিক্রন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মহারাষ্ট্রে আক্রান্তদের মধ্যে দুজন শিশুও রয়েছে।

সংক্রমণের বিস্তার ঠেকাতে ইতিমধ্যে রাজ্যজুড়ে দুদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে মহারাষ্ট্র। রাজ্যের এক পুলিশ কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, শনি (গতকাল) ও রবিবার (আজ) রাজ্যের কোথাও বড় জমায়েত বা মিছিল করা থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

গত ২ ডিসেম্বর ভারতে ওমিক্রন সংক্রমিত প্রথম রোগী ধরা পড়ে। তার মাত্র ৯ দিনের মধ্যে রোগীর সংখ্যা ৩৩ জনে পৌঁছেছে বলে শনিবার জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তবে এখন পর্যন্ত আক্রান্ত রোগীদের কারও মধ্যেই গুরুতর অসুস্থতা দেখা যায়নি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগারওয়াল বলেন, ‘এখন পর্যন্ত যেসব রোগী ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, তারা সবাই করোনার মৃদু উপসর্গে ভুগছেন।’

তিনি আরও জানান, ভারতে এখনো প্রাধান্য বিস্তারকারী ভাইরাস হিসেবে অবস্থান করছে ডেল্টা। প্রতিদিন যত মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন, তাদের প্রায় সবাই ডেল্টায় আক্রান্ত। কেন্দ্রীয় সরকার ওমিক্রনের সংক্রমণ চিত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছেন লব আগারওয়াল।

এর আগে দক্ষিণ আফ্রিকার এক চিকিৎসক বলেছিলেন, সে দেশে ওমিক্রনে আক্রান্তদের দুই-তিন দিন দুর্বলভাব ছিল, তার সঙ্গে ছিল গা ও মাথাব্যথা। রোগীদের হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়েনি বলেও জানিয়েছিলেন ওই চিকিৎসক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত