ব্রিজবেনে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অশ্লীল ভাষা ব্যবহার করায় জরিমানার কবলে পড়লেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে হেডকে।
আচরণবিধি ভঙ্গ করায় জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন হেড। যা ২৪ মাসের মধ্যে তার প্রথম।
৯ উইকেটে ব্রিজবেন টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া। দলের জয়ের পেছনে বড় অবদান ছিল হেডের। প্রথম ইনিংসে ১৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হন তিনি। এই ইনিংস খেলার পথে ৮৫ বলে সেঞ্চুরি করেছিলেন। ব্রিজবেনের ভেন্যুতে এটিই দ্রুততম সেঞ্চুরি।
দুর্দান্ত ইনিংসটি খেলার পথে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৭৭তম ওভারে ইংল্যান্ডের বেন স্টোকসের বল খেলতে না পারায় নিজের উদ্দেশ্যেই অশ্লীল ভাষা ব্যবহার করেন হেড। যা স্টাম্পের মাইক্রোফোনে ধরা পড়ে।
ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে নিজের ভুল স্বীকার করে নেন হেড। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
