আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি পঞ্চম প্রজন্মের (ফাইভ-জি) মোবাইল ইন্টারনেট উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে ছয়টি সাইটে ফাইভ-জি পরিষেবা চালু করেছে।
সজীব ওয়াজেদ জয় বলেন, যখনই বাংলাদেশ দ্রুততার সঙ্গে সামনে এগিয়ে গেছে, তখনই কিছু ষড়যন্ত্রকারী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমি অতীতেও দেখেছি, নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে ওঠে। এখন নির্বাচনের সময় এগিয়ে আসছে আর ষড়যন্ত্রকারীরাও তাদের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। যদি ষড়যন্ত্রকারীরা সফল হয়, তবে বাংলাদেশ আবার পিছিয়ে পড়বে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারসহ অন্যান্যরা নগরীর একটি হোটেলে থেকে ‘নিউ এরা উইথ ফাইভ জি’ শিরোনামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাব উদ্দিন, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং ঝেংজুন, হুয়াওয়ে টেকনোলজিসের আঞ্চলিক প্রধান সাইমন লিন, বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারও এতে বক্তব্য রাখেন।
