জাপানি দুই শিশুকে আগামী বুধবার পর্যন্ত তাদের মা জাপানের নাগরিক নাকানো এরিকোর জিম্মায় দিয়েছে আপিল বিভাগ। তবে ওই দিন সকালে দুই শিশুকে আপিল বিভাগে হাজির করতে বলেছে সর্বোচ্চ আদালত। গতকাল রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। গত ১১ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ এক রায়ে বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফের জিম্মায় দুই শিশু থাকবে বলে আদেশ দেয়। তবে সন্তানদের মা নাকানো এরিকো বছরের নির্দিষ্ট সময়ে সন্তানের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন এবং তার এই যাওয়া-আসা ও অবস্থানের খরচ ইমরান শরীফ বহন করবেন বলে রায়ে বলা হয়। পরে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন নাকানো এরিকো। এর ধারাবাহিকতায় গতকাল বিষয়টি আপিল বিভাগে শুনানিতে আসে।
আদালতে নাকানো এরিকোর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ইমরান শরীফের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। আদেশের বরাতে অ্যাডভোকেট শিশির মনির দেশ রূপান্তরকে বলেন, ‘আজ (গতকাল) রাত সাড়ে ১০টার মধ্যে শিশুদের বাবা ইমরান শরীফ দুই শিশুকে তাদের মায়ের জিম্মায় দিয়ে আসবেন। আগামী বুধবার সকাল সাড়ে ৯টায় দুই শিশুকে আদালতে নিয়ে আসতে বলেছে আপিল বিভাগ। ওই দিন পরবর্তী শুনানি হবে।’
গত ১৯ আগস্ট দুই শিশুকন্যার অভিভাবকত্ব পেতে হাইকোর্টে রিট আবেদন করেন নাকানো এরিকো। শুনানি নিয়ে আদালত অন্তর্বর্তীকালীন আদেশে শিশু দুটিকে ৩১ আগস্ট হাইকোর্টে হাজির করার নির্দেশের পাশাপাশি এক মাসের মধ্যে শিশুদের পিতা ইমরান শরীফ যাতে দুই মেয়েকে নিয়ে দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে নিষেধাজ্ঞা দেয়। গত ২২ আগস্ট দুই শিশুকন্যাকে ইমরান শরীফের বাসা থেকে হেফাজতে নিয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায় সিআইডি। পরে হাইকোর্টের অভিমতের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা হলেও সেটি সম্ভব হয়নি।
