করোনার টিকার নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায়

মাইকিং করে টাকা ফেরত দিলেন প্রধান শিক্ষক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০২:৩৭ এএম

করোনার টিকা নিতে জেলা সদরে যাতায়াত ও নাশতা খরচের নামে শিক্ষার্থীদের কাছ থেকে মাথাপিছু ২০০ করে টাকা নিয়েছিলেন মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠার পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকদের ক্ষোভের মুখে সেই টাকা ফেরত দিয়েছেন তিনি। গত শনিবার বিকেলে এলাকায় মাইকিং করে ঘোষণার পর গতকাল রবিবার শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে শুরু করেন প্রধান শিক্ষক আতাউর।

জানা গেছে, ১২ বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীর বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় গত শনিবার সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ৮৪৫ জন শিক্ষার্থীকে জেলা সদরে নিয়ে টিকা দেওয়া হয়। আর এই টিকা দেওয়াকে পুঁজি করে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে পরিবহন ও নাশতা খরচের নামে ২০০ করে দেড় লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে প্রধান শিক্ষক মো. আতাউর রহমানের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে এবং শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে গত শনিবার বিকেলে মাইকিং করে টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেয় স্কুল কর্র্তৃপক্ষ। এরপর গতকাল সকালে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে শুরু করেন প্রধান শিক্ষক মো. আতাউর রহমান।

তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করে দেশ রূপান্তরকে বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে পরিবহন ও নাশতার খরচের জন্য যে টাকা নেওয়া হয়েছিল, সেই টাকা ফেরত দেওয়া হচ্ছে।’

এ ব্যাপারে জানতে চাইলে গতকাল সিঙ্গাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজ-উদ-দৌল্লা বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উত্তোলনের বিষয়টি আমি শুনে তাৎক্ষণিক টাকা ফেরত দিতে বলি। আমার জানামতে, ওই টাকা ফেরত দেওয়া শুরু করেছে স্কুল কর্র্তৃপক্ষ।’

এদিকে সিঙ্গাইরের তালেবপুর আদর্শ উচ্চবিদ্যালয়েও টিকা দেওয়ার নামে শিক্ষার্থীদের কাছ থেকে মাথাপিছু ২০০ করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক কোহিনূর রহমানের বিরুদ্ধে।

এই দুই প্রধান শিক্ষককে গতকাল বিকেলে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজ-উদ-দৌল্লা। এ-সংক্রান্ত চিঠি হাতে পাওয়ার তিন দিনের মধ্যে তাদের সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত