সাভারে মেম্বার প্রার্থীর সভায় হামলা, গ্রেপ্তার ২

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০২:৪৪ এএম

আগামী ৫ জানুয়ারির ইউপি নির্বাচনকে সামনে রেখে সাভারে এক মেম্বার প্রার্থীর প্রস্তুতি সভায় হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী সাইফুল ইসলামের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় ৬নং ওয়ার্ড সদস্য যুবলীগ নেতা আলাউদ্দিনের প্রস্তুতি সভায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, ইউপি নির্বাচন উপলক্ষে শনিবার রাতে কোন্ডা স্কুলসংলগ্ন মাঠে নির্বাচন ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের জন্য প্রস্তুতি সভার আয়োজন করেন বনগাঁও ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য যুবলীগ নেতা আলাউদ্দিন। এ সময় বনগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের ভাই আজিজুলসহ তার কর্মী-সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর ও প্যান্ডেল ছিঁড়ে ফেলে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হামলাকারীদের বাধা দিতে গিয়ে আলাউদ্দিন মেম্বার ও তার ভাই গিয়াস উদ্দিনসহ আহত হয় বেশ কয়েকজন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গিয়াস উদ্দিনসহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী আলাউদ্দিন মেম্বার জানান, আমরা নির্বাচন ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা করছিলাম। এসময় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুলের ভাইসহ তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে আমাদের প্যান্ডেল ভাঙচুর করে। এ ঘটনায় উল্টো পুলিশ আমার ভাইকে ধরে নিয়ে যায়। ঘটনার পর থেকে আমিসহ আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আমি শুনেছি নির্বাচনী প্রস্তুতি সভায় খিচুড়ি খাওয়া নিয়ে একটু ঝামেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও রিটার্নিং কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে দুজনকে গ্রেপ্তার করেছে। তবে আমার কর্মী-সর্থকদের বিরুদ্ধে করা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, রাতে নির্বাচনী প্রস্তুতি সভায় হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত