কক্সবাজারের টেকনাফ উপজেলায় দাম্পত্য কলহের জেরে ছেলে ও দুই মেয়েকে নিয়ে বাবার বিষপানের ঘটনা ঘটেছে। এতে বাবা ও বড় মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা হলোÑ আনোয়ার হোসেন (৪০) ও তার মেয়ে রাহিনী আক্তার (৯)। সে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে ছোট মেয়ে মাহিমা (৪) ও ছোট ছেলে যাবের (২)।
মৃতদের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে স্ত্রী আনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়া হয় আনোয়ার হোসেনের। একপর্যায়ে রাতেই স্ত্রী বাপের বাড়ি চলে যান। এরপর ভোরে তিন ছেলে-মেয়েকে নিয়ে বিষপান করেন আনোয়ার। এতে ঘটনাস্থলেই মেয়ে রাহিনী ও আনোয়ারের মৃত্যু হয়। স্থানীয়রা বাকি দুজনকে উদ্ধার করে প্রথমে টেকনাফ ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
