প্লেয়ার্স ড্রাফটে অবনমন হওয়ায় আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম তুলে নিয়েছেন কামরান আকমল।
সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটারকে রাখা হয়েছে সিলভার ক্যাটাগরিতে। কিন্তু এই ক্যাটাগরিতে থেকে খেলাকে অপমানজনক মনে করছেন ৩৯ বছর বয়সী তারকা। নিজের ইউটিউব চ্যানেলে এসে জানিয়ে দেন, ২৭ জানুয়ারি থেকে করাচিতে শুরু হওয়া পিএসএলের সপ্তম আসরে খেলতে চান না তিনি।
২০১৬ সাল থেকে শুরু হওয়া পিএসএলের প্রথম আসর থেকে পেশোয়ার জালমিতে আছেন কামরান আকমল। শুরুতে তিনি ছিলেন প্লাটিনাম ক্যাটাগরিতে। এরপর তাকে রাখা হয় গোল্ড ক্যাটাগরিতে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) করা খেলোয়াড়দের নতুন শ্রেণিবিন্যাসে আকমল ভাইদের বড়জনকে এবার রাখা হয়েছে সবচেয়ে নিচের শ্রেণি সিলভার ক্যাটাগরিতে। এই শ্রেণিতে পেশোয়ার জালমি দলে রেখেছে তাকে।
কিন্তু পিএসএল ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের পছন্দ হয়নি এই ক্যাটাগরি। প্লেয়ার্স ড্রাফটের একেবারে নিচু ক্যাটাগরিতে থাকাকে অপমানজনক মনে করছেন কামরান।
পাকিস্তানের এই শীর্ষ পর্যায়ের উইকেটরক্ষক-ব্যাটার বলেন, ‘আমি মনে করি না, আমি সিলভার ক্যাটাগরিতে খেলার যোগ্য।’
কামরানকে জাতীয় দলে শেষবার দেখা গেছে ২০১৭ সালে। জাতীয় দলের হয়ে তিনি ৫৩ টেস্ট, ১৫৮ ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন।
