আইসিসির নভেম্বরের সেরা ওয়ার্নার-ম্যাথিউস

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৭:৪৫ পিএম

আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে যে রকম পারফরম্যান্স উপহার দেন অজি ওপেনার, তাতে এই স্বীকৃতি প্রাপ্যই ছিল তার।

ওয়ার্নারের সঙ্গে ছেলেদের বিভাগে ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ এর লড়াইয়ে ছিলেন কিউই পেসার টিম সাউদি ও পাকিস্তান ওপেনার আবিদ আলি। দুজনই ওয়ার্নারের কাছে পেছনে পড়ে গেছেন।

মেয়েদের বিভাগে নভেম্বরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ। তিনি পেছনে ফেলেছেন বাংলাদেশের নাহিদা আক্তার ও পাকিস্তানের আনাম আমিনকে।

নাহিদা প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তবে এ দফায় সেরার স্বীকৃতি জুটল না তার।

ওয়ার্নার টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন ঠিক। তবে টিম সাউদির পারফরম্যান্স এড়িয়ে যাওয়া সহজ ছিল না। কেননা নভেম্বর মাসে সাউদি রীতিমতো ঝুড়ি ঝুড়ি উইকেট দখল করেন। শেষমেশ স্বীকৃতি পেল না কিউই পেসারের কৃতিত্ব।

বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৮৯ রান করেন ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে তিনি আউট হন ব্যক্তিগত ৪৯ রানে। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন অজি তারকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

অন্যদিকে সাউদি নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৫টি ম্যাচে মাঠে নেমে ৬টি উইকেট নেন। এরপর ভারতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে ৪টি উইকেট দখল করেন তিনি। কানপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট নেন।

পাকিস্তান ওপেনার আবিদ আলি নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ৯১ রান।

মেয়েদের বিভাগে সেরা হেইলি ম্যাথিউস গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ফিফটি সহ ১৩২ রানের পাশাপাশি বল হাতে নেন ৭ উইকেট। দ্বিতীয় ম্যাচে ২৬ রান করার পাশাপাশি চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। এরপর বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ রান দিয়ে নেন ২ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত