গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সহস্রাধিক বন্দিকে করোনার টিকা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর বন্দি ও হাজতিদের এ টিকা দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, প্রথম দিন সোমবার (গতকাল) তার কারাগারের ১ হাজার ৫০০ বন্দির মধ্যে ৪৬০ জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। পরে অন্যদেরও এ টিকা দেওয়া হবে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আবদুল জলিল বলেন, আদালত ও মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর জেলা প্রশাসক ও গাজীপুরের সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করে সোমবার (গতকাল) কারাগারের ২ হাজার ৯০০ কয়েদি/বন্দির মধ্যে ৬০০ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাকি বন্দিদেরও ভ্যাকসিন দেওয়া হবে।
কাশিমপুর কারাগারে টিকাদান শুরুর উদ্বোধনী দিনে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, কারা হাসপাতালের চিকিৎসক (সহকারী সার্জন) সাদিয়া আফরিন তুলিসহ কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, দেশের সব নাগরিক/বাসিন্দাকে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে চাচ্ছে সরকার। তারই অংশ হিসেবে কারাবন্দিদেরও ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
