তথ্য অধিকার আইন সম্পর্কে দেশের মাত্র ২২ দশমিক ২ শতাংশ তরুণের সাময়িক ধারণা রয়েছে। ১৯ শতাংশ তরুণ তথ্য চেয়ে আবেদনের প্রক্রিয়াটিকে জটিল বলে মনে করেন। আর ১৪ শতাংশ তরুণ মনে করেন, আবেদনের মাধ্যমে তথ্য পাওয়া যায় না। এ সম্পর্কে জানলেও তথ্য চেয়ে আবেদন করলে হয়রানি বা হুমকির শিকার হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন ১১ শতাংশ তরুণ। সম্প্রতি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।
গতকাল সোমবার রাজধানীর ‘ডেইলি স্টার ভবনে’ এমআরডিআই ও এশিয়া ফাউন্ডেশন আয়োজিত ‘তথ্য অধিকার আইনে অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক সভায় জরিপে উঠে আসা এসব তথ্য জানান এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
এমআরডিআই জানায়, গত আট মাসে দেশের আটটি বিভাগে ১৮-৩৫ বছর বয়সী ৭০৬ জন তরুণের ওপর জরিপটি চালানো হয়। তাদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, পেশাজীবী, ইয়ুথ লিডার, আদিবাসী এবং সাংস্কৃতিক কর্মী।
ইয়ুথ সদস্যরা অভিজ্ঞতা বিনিময়কালে বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য চাইতে গেলে হয়রানির শিকার হতে হয়। অনেক সময় হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এছাড়া তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রতা আইনটির যথাযথ প্রয়োগে অন্যতম প্রধান বাধা। এটির সংস্কার অত্যন্ত জরুরি।
