শিক্ষার্থীদের অর্ধেক বাসভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৬:৩৩ এএম

পাঁচ শর্তে দেশের সব মহানগরে শিক্ষার্থীদের বাসভাড়া অর্ধেক করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত রবিবার প্রজ্ঞাপনটি জারি করা হয়।

ওই পাঁচ শর্ত হলো এখন যে ভাড়া নেওয়া হচ্ছে, তার ৫০ শতাংশ বা অর্ধেক কম ভাড়া দিতে পারবেন শিক্ষার্থীরা; ভ্রমণকালে শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত হালনাগাদ বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং তা প্রয়োজনে দেখাতে হবে; সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বেসরকারি বাসে চলাচলের ক্ষেত্রে এ হাফ ভাড়ার সুযোগ মিলবে; শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনে এ হাফ ভাড়া প্রযোজ্য হবে না এবং দূরপাল্লার বাসে এ হাফ ভাড়া প্রযোজ্য হবে না বলে পঞ্চম ও শেষ শর্তে বলা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জসিম উদ্দিনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, ১ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরে এবং ১১ ডিসেম্বর থেকে অন্যান্য মহানগরে এ ভাড়া কার্যকর বলে ধরা হবে।

গত ১৯ নভেম্বর থেকে মূলত ঢাকার শিক্ষার্থীরা গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করে। ডিজেলের দাম গত ৪ নভেম্বর ২৩ শতাংশ বাড়ানো হয়। এরপরই পরিবহন মালিকদের চাপে সরকার বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়িয়ে দেয়। আর এরপর থেকেই বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। ঢাকা মহানগরে শুরু হওয়া এ আন্দোলন পরে দেশের অন্য শহরে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ২৪ নভেম্বর রাজধানীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হওয়ার পর সেই আন্দোলন আরও গতি পায়। পরদিন রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান সংবাদকর্মী আহসান কবির খান।

শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে প্রথমে বিআরটিসির বাসে এবং পরে ৩০ নভেম্বর পরিবহন মালিকরা ঢাকায় বাসভাড়া অর্ধেক করার ঘোষণা দেন। শিক্ষার্থীদের ১১ দফা আন্দোলনের একটি শর্ত ছিল সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে হাফ ভাড়ার বিষয়টি নিশ্চিত করা। এর পরিপ্রেক্ষিতেই এ প্রজ্ঞাপন জারি করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত