যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তার বাগদত্তা স্টেলা মরিস গত শনিবার রাতে এ কথা জানান। আমেরিকায় প্রত্যর্পণের জন্য আইনি লড়াই চলাকালে লন্ডনের ওই উচ্চ নিরাপত্তার কারাগারে রয়েছেন অ্যাসাঞ্জ।
স্ট্রোক করায় তার ডান চোখের পাতায় সমস্যার পাশাপাশি স্মৃতিশক্তির সমস্যা এবং স্নায়বিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্টেলা। যুক্তরাজ্যের দ্য মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাসাঞ্জ মনে করেন, তার বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র আদালতের পদক্ষেপের চাপের কারণে ছোট ওই স্ট্রোকের ঘটনা ঘটে। গত অক্টোবর মাসে বেলমার্শের কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে উচ্চ আদালতের শুনানিতে অংশ নেওয়ার সময় এ ঘটনা ঘটে। স্টেলা বলেন, নতুন করে আবার স্ট্রোকের আশঙ্কা রয়ে গেছে অ্যাসাঞ্জের। ওই স্ট্রোকের পর তার এমআরআই স্ক্যান করানো হয়েছে। এখন তিনি স্ট্রোক প্রতিরোধী ওষুধ খাচ্ছেন।
স্টেলা মরিস বলেন, ‘সমস্যাটি জরুরিভাবে সমাধান করা প্রয়োজন। চিড়িয়াখানায় আটকে থাকা প্রাণীদের মতো তার অবস্থা। জুলিয়ানের সঙ্গে এটাই হচ্ছে। এটা তার জন্য মানসিক সমস্যা তৈরি করছে।’ স্টেলার অভিযোগ, অ্যাসাঞ্জকে দীর্ঘ সময়ের জন্য কক্ষে আটকে রাখার পাশাপাশি বাতাস, সূর্যের আলো, পর্যাপ্ত খাদ্য ও প্রয়োজনীয় উদ্দীপনার ব্যবস্থা করা হয়নি।
