জিম্বাবুয়ে থেকে বিশ্বকাপ বাছাই পর্ব খেলে ফেরা আরো এক নারী ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর আগে দুজন করোনা পজিটিভ হন। যারা করোনার নতুন ধরন অমিক্রনে আক্রান্ত।
তবে নতুন আক্রান্ত নারী ক্রিকেটারটি অমিক্রন ধরনে আক্রান্ত নন বলে জানা গেছে। তিনি আক্রান্ত হয়েছেন ডেলটা ধরনে।
মঙ্গলবার করোনা আক্রান্ত তিন ক্রিকেটারকে হোটেল থেকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেটা স্বাস্থ্যগত কারণ নয়।
নারী ক্রিকেটারদের কোয়ারেন্টাইন যে হোটেলে চলছিল, সেখানে বিজয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতিসহ রাষ্ট্রীয় অতিথিরা উঠবেন। সে জন্য ওই তিনজন নারী ক্রিকেটারকে ‘সরানো হয়েছে’ বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন নারী দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ।
আর যারা নেগেটিভ ছিলেন, তাদের আগেই মিরপুরে বিসিবির আবাসিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে।
করোনা নতুন ধরন অমিক্রন আসলে জিম্বাবুয়েতে মেয়েদের বিশ্বকাপ বাছাই মাঝপথেই স্থগিত হয়ে যায়। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় চূড়ান্ত পর্ব নিশ্চিত হয় বাংলাদেশের মেয়েদের।
নিজেদের ইতিহাসে প্রথমবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। তবে দেশে ফিরে বাংলাদেশ নারী দল করোনার হানায় সেই আনন্দ উদ্যাপন করতে পারেনি।
১ ডিসেম্বর দেশে আসার পর কোয়ারেন্টাইনে ছিলেন দলের সবাই। ৬ ডিসেম্বর সেই পর্ব শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেদিনই দুজন করোনা আক্রান্ত হওয়ার খবর আসে।
পরে দলের সবার কোয়ারেন্টাইন পর্ব বাড়ানো হয়। শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক নিশ্চিত করেন নারী দলের দুই ক্রিকেটার অমিক্রন ধরনে আক্রান্ত।
আরো পড়ুন
