বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সেঞ্চুরির দেখা পেয়েছেন সৌম্য সরকার। ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে খেলেছেন ১০৪ রানের অপরাজিত ইনিংস।
অন্য ম্যাচে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে ১৫৮ রানের ইনিংস উপহার দিয়েছেন জাকির হাসান।
সৌম্য প্রায় তিন বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি পেলেন। চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচটিতে আগের দিন দুই ওপেনার মিজানুর রহমান ১৬২ ও মোহাম্মদ মিঠুন ১৭৬ রানের ইনিংসে মধ্যাঞ্চলকে বড় স্কোরের ভিত দেন। সেই মঞ্চে সৌম্য খেললেন দুর্দান্ত।
১৪৮ বলে অপরাজিত ১০৪ রান করেন তিনি ১০ চার ও ১ ছক্কায়। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার চতুর্থ শতক। এ ছাড়া সালমান হোসেন ৫৩ ও মোসাদ্দেক হোসেন ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন। সুবাদে ৩ উইকেটে ৫৬৩ রানে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল।
এরপর ৫ উইকেটে ১৭২ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে উত্তরাঞ্চল। তানজিদ হাসান ৯০ রান করেন। প্রথম ইনিংসে দলটির সংগ্রহ ছিল ২১৯। এখনো মধ্যাঞ্চলের প্রথম ইনিংসের চেয়ে ১৭২ রানে পিছিয়ে তারা।
রাজশাহীতে পূর্বাঞ্চল ২৬ রানের লিড পেয়েছে। জাকিরের ব্যাটে দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে ৪২৯ রান তুলে। পূর্বাঞ্চল ৫ উইকেটে ১৯৫ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। প্রথম ইনিংসে ২৬০ রান করেছিল দলটি।
আগের দিনের ৬ উইকেটে ২৮৮ রান নিয়ে দক্ষিণাঞ্চল নতুন দিন শুরু করেছিল। জাকির আগের দিন ৯১ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ২৭৬ বলে ১৫৮ রান করেন তিনি ১৯ চার ও ২ ছক্কায়। দশ নম্বরে নেমে নাসুম আহমেদ খেলেছেন ৫৯ রানের ইনিংস।
দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলকে টানছেন আফিফ হোসেন। ৯৭ বলে ৭৩ রানে অপরাজিত আছেন তিনি।
