২০২০ সালের জন্য ঘোষিত লভ্যাংশ পুরোটা বোনাসে রূপান্তরের মাধ্যমে ৩১ কোটি ৩৮ লাখ টাকার পরিশোধিত মূলধন বৃদ্ধির অনুমোদন পেল পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এসইসি জানায়, সাউথ বাংলা ব্যাংকের ২০২০ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ নগদ আর ৪ শতাংশ স্টক বা বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হয়, যা পরবর্তী সময়ে কোম্পানিটির ৮ম বার্ষিক সাধারণ সভায় তা অনুমোদন দেওয়া হয়। তবে ২০২১ সালের ৩০ জুন এসইসির নোটিফিকেশন পরিপালনের জন্য সাউথ বাংলা ব্যাংক এসইসির কাছে পুরো লভ্যাংশ স্টক লভ্যাংশে রূপান্তরের জন্য আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন গতকলের কমিশন সভায় সাউথ বাংলা ব্যাংককে স্টক লভ্যাংশের মাধ্যমে ৩১ কোটি ৩৮ লাখ টাকার পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়।
