৬ মাসের মধ্যে সেরামের শিশুদের টিকা আসছে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০২:৩৪ এএম

আগামী ছয় মাসের মধ্যে শিশুদের জন্য করোনাভাইরাসের টিকা আনার পরিকল্পনা করেছে বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন উৎপাদনকারী ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)। গতকাল মঙ্গলবার এসআইআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা এ তথ্য প্রকাশ করেন বলে জানিয়েছে এনডিটিভি।

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি নোভাভ্যাক্সের তৈরি করোনাভাইরাসের শিশুদের ভ্যাকসিন আগামী ছয় মাসের মধ্যে আনার আশাপ্রকাশ করেছেন আদর পুনাওয়ালা।

নোভাভ্যাক্সের তৈরি কোভোভ্যাক্স নামের একটি করোনা ভ্যাকসিন তিন বছর এবং তদূর্ধ্ব বয়সী শিশুদের শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল। সেই পরীক্ষায় ভালো ফল মিলেছে বলে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনলাইন সম্মেলনে জানিয়েছেন সেরামের প্রধান কর্মকর্তা। তিনি বলেন, ‘আমাদের ভ্যাকসিন আগামী ছয় মাসের মধ্যে আনা হবে। এটা এখনো পরীক্ষাধীন রয়েছে। তিন বছর বয়সী শিশুদের শরীরে এটি চমৎকার ফল দেখিয়েছে।’

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন এবং রাশিয়ার স্পুৎনিক উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। বিশ্বের বিভিন্ন দেশে নোভাভ্যাক্সের টিকা রপ্তানি করছে এসআইআই।

গত মার্চে ভারতে করোনাভাইরাস মহামারী ব্যাপক আকার ধারণ করে। সেই সময় অভ্যন্তরীণ চাহিদা মেটাতে টিকার রপ্তানি বন্ধ করে দেয় দেশটির সরকার। মহামারীর প্রকোপ কমে আসায় বর্তমানে টিকার উৎপাদন গত এপ্রিলের তুলনায় চারগুণ বৃদ্ধি করে মাসে ২৫০ মিলিয়ন ডোজে উন্নীত করে সেরাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত