আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের তুলনায় আজ অনেক ভালো।
বুধবার সকালে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দীন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা গতকালের তুলনায় আজ অনেক ভালো আছে। তার ব্লাড প্রেসার এবং অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে। তাকে আরো ২/৩ দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হতে পারে। তিনি এখন শঙ্কামুক্ত।’
ওবায়দুল কাদের তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান শরফুদ্দীন।
তিনি বলেন, এই মুহূর্তে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কোনো প্রয়োজন নেই। সব ধরনের উন্নত চিকিৎসা বাংলাদেশই সম্ভব।
বুধবার সকালে ওবায়দুল কাদের শারীরিকভাবে অসুস্থ বোধ করলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। তার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।
