কুয়েট শিক্ষকের ‘অস্বাভাবিক’ মৃত্যু

ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো মরদেহ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০৩:০২ এএম

ছাত্রলীগ নেতাকর্মীদের মানসিক নির্যাতনে মৃত্যুর অভিযোগ ওঠা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. সেলিম হোসেনের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য গতকাল বুধবার সকালে তার মরদেহ কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রামের কবরস্থান থেকে তুলে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়। সেখান থেকে ফরেনসিক ময়নাতদন্তের জন্য বিকেলে মরদেহটি পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে শিক্ষক সেলিম হোসেনের মরদেহ উত্তোলনের কথা ছিল। কিন্তু লাশ উত্তোলনের কাজ শেষ করতে রাত হয়ে যাবে ভেবে তা করা হয়নি। গতকাল মরদেহ উত্তোলনের কাজ তদারক করেন কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত। এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার ওসি প্রদীপ কুমার বিশ্বাস ও কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার। এছাড়া স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং ড. সেলিম হোসেনের বাবা শুকুর আলীসহ এলাকার লোকজন সেখানে উপস্থিত ছিলেন।

লাশ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য অধ্যাপক সেলিমের মরদেহ বেলা ১১টার দিকে নেওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে। সেখান থেকে বিকেল সাড়ে ৫টার দিকে অ্যাম্বুলেন্সে মরদেহ ঢাকায় পাঠানো হয়।

কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ফরেনসিক ময়নাতদন্ত করার জন্য কুষ্টিয়া হাসপাতালের মর্গে কোনো ব্যবস্থা নেই। এ জন্য শিক্ষক সেলিমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

গত ৩০ নভেম্বর কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রাধ্যক্ষ সেলিম হোসেন (৩৮) ক্যাম্পাসের পাশের ভাড়া বাসায় মারা যান। ১ ডিসেম্বর ময়নাতদন্ত ছাড়া তার মরদেহ কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রামে দাফন করা হয়। কুয়েটের সাধারণ শিক্ষক-ছাত্ররা বলছেন, ঘটনার দিন বাসায় ফেরার পথে ছাত্রলীগের নেতাকর্মীরা অধ্যাপক সেলিমকে বিভাগে তার কক্ষে নিয়ে যান। সেখানে তার ওপর মানসিক নিপীড়ন চালানো হয়। ছাত্রলীগের ওই নেতাকর্মীদের মানসিক নিপীড়নের কারণে অধ্যাপক সেলিমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলছে, এটি হত্যাকাণ্ড। অধ্যাপক সেলিমের পরিবারও এটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত