দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মাঠে নামায় নেত্রকোনার খালিয়াজুরীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন নগর ইউপির কৃষ্ণকান্ত সরকার, রথিন্দ্র সরকার, কাজল তালুকদার, বকুল চৌধুরী ও জীবন সরকার।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার ও সাধারণ সম্পাদক দীপক সরকার স্বাক্ষরিত চিঠিতে বুধবার তাদের সাময়িক বহিষ্কার করা হয়।
দলীয় সভায় দুপুরে ৫ নেতা-কর্মীর বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পাঁচজনকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্যও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী হয়েছেন হরিধন সরকার।
