নেপালের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ফাইনালের সমীকরণ কিছুটা কঠিন হয়েছে স্বাগতিক বাংলাদেশের। তারপরও আগ-পিছ না ভেবে সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া স্বাগতিকরা। আজ তাদের সামনে দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম পরাশক্তি ভারত। ২২ ডিসেম্বর ফাইনালের মঞ্চে পা রাখতে এই ম্যাচ থেকে পয়েন্ট চাই বাংলাদেশের। তবে দলটির কোচ গোলাম রব্বানী ছোটন জয়ের বিকল্প ভাবছেন না। হোম কন্ডিশন কাজে লাগিয়ে তিনি চান ভারতের দম্ভ চূর্ণ করে ফাইনালের মঞ্চে এক পা ফেলতে।
পাঁচ দলের আসরে ২ ম্যাচে ২ জয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। দলটি দু’ম্যাচেই সামনে পেয়েছিল অপেক্ষাকৃত দুর্বল দুই প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কাকে। ভুটানকে ৬-০ গোলে হারানোর পর ভারত ৩-০ ব্যবধানে হারায় শ্রীলঙ্কাকে। স্বাগতিক বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল তিন বছর আগে অনূর্ধ্ব-১৮ আসরের ফাইনালের প্রতিপক্ষ নেপাল। ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলেও জিততে না পারার আক্ষেপ সঙ্গী হয় মারিয়া মান্ডাদের। তবে ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে স্বরূপ ফিরে জয় আসে ৬-০ ব্যবধানে। দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে তারা নেপালের সঙ্গে যৌথভাবে আছে দ্বিতীয় স্থানে। বাংলাদেশের সঙ্গে ড্রয়ের পর শ্রীলঙ্কাকে নেপাল হারায় ৬-০ গোলে। ফলে গোল গড়েও বাংলাদেশ ও নেপাল সমান্তরালে। আজ নেপাল মুখোমুখি হবে ভুটানের। তবে শেষ ম্যাচে তাদের খেলতে হবে ভারতের বিপক্ষে। ফাইনালের সমীকরণ মিলাতে আজ জয় ছাড়া অন্য কোনো ভাবনা জায়গা দিচ্ছেন না ছোটন, ‘তারা দক্ষিণ এশিয়ার পরাশক্তি। তবে বয়সভিত্তিক পর্যায়ে আমরা অনেক উন্নতি করেছি। সেই উন্নতির ছাপটাই ভারতের বিপক্ষে রাখতে চাই। এই ম্যাচে আমাদের একমাত্র লক্ষ্য জয়।’
