অনেকটাই সুস্থ কাদের বাসায় ফেরার অপেক্ষায়

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০১:১১ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন অনেকটাই সুস্থ। তবে চিকিৎসকরা তাকে আরও দুই-তিন দিন হাসপাতালে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি এখন হাসপাতাল থেকে বাসায় ফেরার অপেক্ষায় আছেন। গতকাল বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা এসব কথা জানান।

কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ওবায়দুল কাদের প্রায় পুরোপুরি সুস্থ আছেন। রক্তচাপ, অক্সিজেন সার্কুলেশন সবকিছু স্বাভাবিক। এবার তার বাসায় ফেরার অপেক্ষা। আশা করছি দু-একদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।’

ওবায়দুল কাদেরের হাসপাতালে আসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শুরুতে যখন তিনি (ওবায়দুল কাদের) হাসপাতালে এসেছিলেন, তখন তার বুকে একটু ব্যথা ছিল, ডায়াবেটিস একটু বেশি ছিল, হার্টে একটু সমস্যা ছিল। সবকিছু এখন স্বাভাবিক রয়েছে। খুব দ্রুতই তিনি বাসায় ফিরবেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করি।’

গত মঙ্গলবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়।

২০১৯ সালের ২ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৯ বয়সী এই রাজনীতিবিদ। তখন তার হৃৎপিণ্ডে রক্ত চলাচলকারী নালিতে তিনটি ব্লক ধরা পড়েছিল। এর মধ্যে দেশেই একটি ব্লক অপসারণ করা হয়। পরে সিঙ্গাপুর গিয়ে দুই মাস চিকিৎসা নেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত