ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন দল লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি কোচ হিসেবে দিয়েছে অ্যান্ডি ফ্লাওয়ারকে। ফ্র্যাঞ্চাইজিটির কোচিং স্টাফে জিম্বাবুয়ের এই সাবেক অধিনায়কই প্রথম নিয়োগ পেলেন।
২০২২ সালে আইপিএলে অভিষেক হবে আরপি সঞ্জীব গোয়েঙ্কা (আরপিএসজি) গ্রুপের মালিকানাধীন লক্ষ্ণৌর। প্রথম আসরেই প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ফ্লাওয়ার।
আইপিএলের গত দুই মৌসুমে পাঞ্জাব কিংসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সে সময় দলটির অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। কোচ ফ্লাওয়ারের পাশাপাশি এবার এই ভারতীয় ব্যাটার-উইকেটরক্ষককে লক্ষ্ণৌতে আনার চিন্তা করছেন সঞ্জীব গোয়েঙ্কা।
ফ্লাওয়ারকে নিয়োগ দেওয়ার প্রসঙ্গে এক সংবাদ বিবৃতিতে তিনি জানান, জিম্বাবুয়েন কোচের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন তারা।
তবে ঠিক কত দিনের চুক্তি সেটি উল্লেখ করেননি সঞ্জীব গোয়েঙ্কা। খেলোয়াড় ও কোচ হিসেবে পেশাদারিত্বের কারণেই মূলত ফ্লাওয়ারকে নিয়োগ দিয়েছেন জানান তিনি।
আইপিএলে এবার যোগ হয়েছে দুই নতুন দল। তার একটি আহমেদাবাদ। অন্যটি লক্ষ্ণৌ। গত আগস্টে নিলাম থেকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কিনে এই দুই দল।
