বছরের শেষে ঢালিউড জমে উঠেছে। দুই-তিন মাস ধরে প্রতি সপ্তাহে মুক্তি পাচ্ছে এক বা একাধিক সিনেমা। সেগুলোর প্রতি দর্শকের আগ্রহও দেখা যাচ্ছে। তবে যে দর্শকরা নিয়মিত সিনেমা হলে গিয়ে ছবি দেখেন, তাদের কিছুটা আক্ষেপ ছিল। কারণ সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে অধিকাংশই শৈল্পিক ধারার ছবি। এ ধরনের ছবি দেখতে এখনো শতভাগ প্রস্তুত নন সিঙ্গেল স্ক্রিনের দর্শক। তাই নতুন সম্ভাবনা তৈরি করছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। কারণ তার সিনেমা দেখতে দর্শক প্রেক্ষাগৃহে ভীড় করে। পরপর সিয়াম প্রেক্ষাগৃহে নিয়ে আসছেন তিন-তিনটি সিনেমা। এ খবরে সিনেমার নিয়মিত দর্শকরা নড়েচড়ে বসতেই পারেন। আর নায়ক সিয়াম তো একেবারেই প্রস্তুত প্রত্যেক দর্শকের কাছে তার ছবিগুলোর বার্তা পৌঁছে দিতে। তাই তো তিনি বেশ কয়েক মাস আগেই দেশ রূপান্তরকে বলেছিলেন, এখন তিনি আগের চেয়ে সিনেমার প্রচারণায় বেশি মনোযোগী হবেন।
এরই মধ্যে সিয়ামের সেই প্রচারণার নমুনা পাওয়া গেছে। তার মুক্তি প্রতীক্ষিত বিগ বাজেটের সিনেমা ‘শান’-এর ট্রেলার উন্মুক্ত করেছেন রাজধানীর অন্যতম জনবহুল জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। সেখানে অনেক দর্শক তাকে সাদরে গ্রহণ করেন। নায়কের সঙ্গে ছবি তুলতে যেন রীতিমতো পাল্লা শুরু হয় দর্শকের মধ্যে। শুধু তা-ই নয়, ট্রেলার বিস্ময়কর সাড়া ফেলেছে পুরো দেশের দর্শকের মধ্যে। সিয়ামকে নতুনরূপে দেখা যাচ্ছে সেখানে। নায়িকা হিসেবে আছেন পূজা চেরী।
ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারি এই তিন মাসে পরপর তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার। ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিয়াম অভিনীত ‘মৃধা বনাম মৃধা’, ৭ জানুয়ারি ‘শান’ ও ৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাপ-পুণ্য’। সিয়াম জানান, তার জন্য তিনটি সিনেমাই গুরুত্বপূর্ণ। তিনটি ভিন্ন ধাঁচের সিনেমার মাধ্যমে তিন ধরনের সিয়ামকে পাবেন দর্শক। তার ভাষ্য, ‘করোনাকালে প্রায় প্রতিদিনই কাজের মধ্যে কেটেছে। যেদিন শ্যুটিং ছিল না, সেদিন বাসায় স্ক্রিপ্ট নিয়ে স্টাডি করেছি। কাজের মধ্যে ছিলাম। আমার বাবা-মা রিস্ক নিয়ে শ্যুটিং করতে বারণ করলেও শুনিনি। ওই খারাপ সময়ে একটু রিস্ক নিয়ে শ্যুটিং করায় ইউনিটের কমপক্ষে ১০০ পরিবার সচল ছিল। ইন্ডাস্ট্রির খারাপ সময় কিছু না কিছু কনট্রিবিউট করেছি।’
সিনেমার নায়ক হিসেবে ‘পোড়ামন ২’, ‘দহন’ বাণিজ্যিকভাবে আলোচনায় এনেছে সিয়ামকে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত তার সিনেমা ‘ফাগুন হাওয়ায়’ অভিনেতা হিসেবে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা ও সম্মাননা এনে দিয়েছে তাকে। চলচ্চিত্রসংশ্লিষ্টরা মনে করেন, সিয়াম যে সম্ভাবনা দেখাচ্ছেন; তিনি হতে পারেন আগামী দিনে রুপালি পর্দায় লম্বা রেসের ঘোড়া! সিয়াম মনে করেন, যেসব সিনেমা করছেন যদি পর্দায় ‘গুড কনটেন্ট’ হিসেবে উপস্থাপন করতে পারেন, তবে দর্শক গ্রহণ করবে। বললেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করি প্রতিটি কাজ সঠিকভাবে করার। করোনার কারণে প্রায় একটা বছর কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে দিতে পারিনি। এখন ধীরে ধীরে সেসব যাচ্ছে।’
২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘মৃধা বনাম মৃধা’। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু করে আগস্ট নাগাদ এর শ্যুটিং শেষ করেন সিয়াম। চেয়েছিলেন টানা শেষ করতে কিন্তু করোনা থামিয়ে দেয়। এ সিনেমাটি পুরোপুরি পারিবারিক গল্পের। গল্প ও চিত্রনাট্য শুনে সিয়াম কাজটি করতে রাজি হন। তিনি বলেন, ‘গল্পটের প্লটটা এত চমৎকার এবং চিত্রনাট্যকার রায়হান খান এত নিখুঁতভাবে লিখেছেন যে আমি কাজটি মন থেকে করতে চেয়েছি। এ ধরনের কাজ আমি আগে করিনি এবং শুনিওনি যে পারিবারিক ও সামাজিক গল্প এত দারুণ হতে পারে। তা ছাড়া আমাদের সিনেমায় পারিবারিক গল্প দেখাই যায় না। সব দিক বিবেচনা করে কাজটির সঙ্গে থাকতে পেরে আনন্দিত।’
অনেকটা তাড়াহুড়ো করে ‘মৃধা বনাম মৃধা’র মুক্তি প্রসঙ্গে সিয়াম বলেন, ‘শুরুর দিকে কথা ছিল এ বছরই ছবিটি মুক্তি পাবে। মুক্তির বিষয়টি পরিচালক-প্রযোজকদের প্ল্যান। তারা কমপ্যাক্ট প্রমোশনের মাধ্যমে মুক্তি দিতে চান। অনেক আগে থেকে প্রমোশন করলে হয়তো ‘আউট অব দ্য মাউথ’ হতে পারে, সে জন্য মুক্তি দিচ্ছেন। তবে কাজটি দেখলে সবাই পছন্দ করতে পারেন, এ বিশ্বাস রয়েছে।’
নতুন সিনেমা কত হলে মুক্তি পাচ্ছে, সাধারণত মুক্তির দু-এক দিন আগে সেটা জানান সিনেমা পরিবেশনের সঙ্গে জড়িতরা! তবে ব্যতিক্রম দেখাল সিয়াম-নোভা অভিনীত মুক্তি প্রতীক্ষিত নতুন সিনেমা ‘মৃধা বনাম মৃধা’র পরিবেশক। মুক্তির এক সপ্তাহ আগেই চূড়ান্ত হলো ‘মৃধা বনাম মৃধা’র হলতালিকা। এই সিনেমার পরিবেশক অনন্য মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ডিসেম্বর সিয়াম ও নোভা অভিনীত এ সিনেমাটি একযোগে ৪৪টি হলে প্রদর্শিত হবে। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘মৃধা বনাম মৃধা’ পরিবেশিত হতে যাচ্ছে। মামুন বলেন, ‘সিনেমা হলে মুক্তির কিছুদিন পর টফি অ্যাপে মুক্তি দেওয়া হবে। এ অ্যাপটি আগামী বছর থেকে নিয়মিত কনটেন্ট তৈরি করবে।’ বিজ্ঞাপন নির্মাতা রনি ভৌমিক পরিচালিত প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। সিয়াম-নোভা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টাচার্য, তৌফিকুল ইসলাম ইমন, মাসুদুল আমিন রিন্টু।
