বিজিবি দিবস ১৯ ও ২০ ডিসেম্বর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৩:০০ এএম

আগামী ১৯ ও ২০ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উদযাপিত হবে। এ উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে গতকাল শুক্রবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ ও ২০ ডিসেম্বর ‘বিজিবি দিবস-২০২১’ উদযাপন করা হবে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করবেন। বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে সরাসরি সংযুক্ত হয়ে অভিবাদন গ্রহণ ও ভাষণ দেবেন। এ সময় প্রধানমন্ত্রী পিলখানায় নবনির্মিত ‘সীমান্ত সম্মেলন কেন্দ্র’-এর উদ্বোধন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবিতে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদান করবেন। এ ছাড়া মোটর শোভাযাত্রা এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ ও মুজিব শতবর্ষ উদযাপন’ উপলক্ষে সম্মিলিত প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক শ্রী পংকজ কুমার সিংহসহ ৭ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল উপস্থিত থাকবে।

বিজিবি দিবস উদযাপনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ২০ ডিসেম্বর সকাল ৮টায় মহাপরিচালকের সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন করবেন এবং সকাল ৮টা ১৫ মিনিটে পিলখানায় ‘সীমান্ত গৌরব’-এ মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। সকাল ৯টায় সদর দপ্তর বিজিবি, পিলখানা, ঢাকায় নবনির্মিত সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হবে। দরবার শেষে বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদান করবেন। অনারারি সুবেদার মেজর হতে অনারারি সহকারী পরিচালক এবং অনারারি সহকারী পরিচালক হতে অনারারি উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিধান, অপারেশনাল কার্যক্রম, চোরাচালান নিরোধ, মাদকদ্রব্য আটক এবং শ্রেষ্ঠ প্রশিক্ষক/প্রশিক্ষণে অসাধারণ কৃতিত্ব অর্জনকারীদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান, শ্রেষ্ঠ ব্যাটালিয়নকে ট্রফি প্রদান এবং মহাপরিচালকের অপারেশনাল ও প্রশাসনিক ইনসিগনিয়াসহ প্রশংসাপত্র প্রদান করা হবে। এ ছাড়া ‘বিজিবি দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে ২০ ডিসেম্বর বিকেলে যশোরের বেনাপোল-পেট্রাপোল, পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা স্থলবন্দরসংলগ্ন আইসিপিতে বিজিবি-বিএসএফ কর্র্তৃক জমকালো ‘জয়েন্ট রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠিত হবে।

বিজিবি দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর সন্ধ্যায় পিলখানায় ঢাকা সেক্টর মাঠে বিজিবির নিজস্ব অর্কেস্ট্রা, শিল্পীসহ দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন ‘এটিএন বাংলা’ সরাসরি সম্প্রচার করবে। এ দিবস উপলক্ষে পিলখানা ছাড়াও ঢাকার বাইরে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিট পর্যায়ে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, মিলাদ ও বিশেষ দোয়া, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত