অ্যাডিলেড টেস্টের নাটাই অস্ট্রেলিয়ার হাতে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৭:০৫ পিএম

ইংল্যান্ডের অ্যাশেজ স্বপ্নে আরো একবার বড় ধাক্কা লাগল। অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ধস নামল সফরকারীদের ব্যাটিং লাইনে। তাতে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণে এখন অস্ট্রেলিয়া।

আগের দিন ৯ উইকেটে ৪৭৩ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে অজিরা। ইংলিশরা ২ উইকেটে ১৭ রান নিয়ে দিন শেষ করেছিল। শনিবার ডেভিড মালান ও জো রুটের ব্যাটে লড়াইয়ের বার্তা দিচ্ছিল দলটি। কিন্তু ২ উইকেটে ১৫০ থেকে একপর্যায়ে ২৩৬ রানে অলআউট হয়ে যায় অতিথিরা।

দিবারাত্রির ম্যাচটিতে ইংলিশদের ফলোঅন করানোর সুযোগ থাকলেও সেটা করেনি অস্ট্রেলিয়া। ২৩৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ১ উইকেটে ৪৫ রান নিয়ে দিন শেষ করেছে তারা। এখন পর্যন্ত তাদের লিড ২৮২।

ডেভিড ওয়ার্নার ১৩ রান করে রান আউটে কাটা পড়েছেন। মার্কাস হ্যারিস ২১ ও মিচেল নেজার ২ রানে অপরাজিত আছেন।

ইংল্যান্ড দিনের শুরুটা করেছিল মনের মতো। জো রুট ও ডেভিড মালান প্রথম সেশনের পুরোটা কাটিয়ে দেন। তবে লাঞ্চের পর ক্যামেরন গ্রিনের বলে স্লিপে ক্যাচ হন রুট। ১১৬ বলে ৭ চারে এই রান তার।

এরপর ১৯ রানের মধ্যে আরো তিন উইকেট হারায় ইংল্যান্ড। ৮০ রান করে ফিরে যান ডেভিড মালান। ওলি পপ ৬ রান করেন, জস বাটলার রানের খাতাই খুলতে পারেননি। বেন স্টোকস ৯৮ বলে ৩৪ ও ক্রিস ওকস ৪০ বলে ২৪ রান করেন। মিচেল স্টার্ক ৩৭ রানে ৪ ও নাথান লায়ান ৫৮ রানে ৩ উইকেট নেন।

প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত