‘আল্লাহকে হাজির-নাজির করে বলছি, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৮:৩৪ পিএম

নির্বাচনে কোনো অনিয়ম বরদাশত করা হবে না উল্লেখ করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেছেন, আমাদের গুলি ছুড়তে বাধ্য করবেন না।

শনিবার আড়াইহাজারে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ নির্বাচন উপলক্ষে উপজেলার এস এম মাযহারুল হক অডিটোরিয়ামে আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি এ কথা বলেন।

তিনি বলেছেন, নির্বাচনে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। ব্যালট পেপার সকালে কেন্দ্রে পাঠানো হবে। আগে ১৯-২০ যাই হোক এবার ভোটাররা কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে। আমি চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের গুলি ছুড়তে বাধ্য করবেন না। আল্লাহ পাককে হাজির-নাজির করে বলছি, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, সহকারী পুলিশ সুপার আবির হোসেন, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্লা, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন প্রমুখ।  

অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান। এতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশ নেন।

পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, নির্বাচনে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী দেওয়া হবে। কোনো অনিয়ম করতে দেওয়া হবে না। কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ অনিয়ম করলে জেলখানায় বসে নির্বাচন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত