তিন দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২-২৪ ডিসেম্বর তার এ সফরের সময় নির্ধারিত হয়েছে। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ সলিহ প্রধানমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত অক্টোবরে মালদ্বীপ সফর করেন।
প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহসিন রেজা গতকাল জানান, প্রধানমন্ত্রীর সফরসূচির বিস্তারিত জানাতে আগামীকাল (আজ) সংবাদ সম্মেলন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিকেল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন হবে।
