রাজধানীতে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০২:১৬ এএম

রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের চার তলায় শাটার ভেঙে দুটি সোনার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে মার্কেট বন্ধের পর কোনো এক সময় এই ঘটনা ঘটে। দুটি দোকান থেকে প্রায় ৬০০ ভরি সোনার গহনা ও নগদ টাকা নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।

মোহনা জুয়েলার্স ও বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েলারি নামে দুটি দোকানের শাটার ভেঙে চুরির পর বাথরুমের অ্যাগজস্ট ফ্যান ভেঙে সেখান দিয়ে চোরেরা পালিয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘চোরেরা বাথরুম (অ্যাগজস্ট ফ্যান) ভেঙে ভেতরে ঢুকতে পারে। আবার শাটার ভেঙেও ভেতরে ঢুকে বাথরুমের ওই জায়গা দিয়ে বের হয়ে গিয়ে থাকতে পারে। ঘটনা অনুসন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’

কী পরিমাণ গহনা চুরি হয়েছে এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘মোহনা জুয়েলার্সের ৫০০ ভরি আর বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েলারির ১০০ ভরি চুরি হয়েছে বলে মালিকরা দাবি করেছেন। আমরা তাদের স্টক এবং সেলস রেজিস্টার মিলিয়ে মূল হিসাবটা বলতে পারব। তাদের দাবিটাকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করছি।’

জানা যায়, মোহনা জুয়েলার্সের মালিক নির্মল কুমার গুপ্ত, তপন গুপ্ত দুই সহদোর।

চুরির বিষয়ে নির্মল কুমার গুপ্ত দেশ রূপান্তরকে বলেন, ‘রাতে দোকান বন্ধ করে প্রতিষ্ঠানের কর্মীরা চলে যায়। সকালে এসে দোকান খুলে তারা চুরির বিষয়টি টের পায়। এমন ঘটনা কীভাবে ঘটল বুঝতে পারছি না।’

রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে চোর দুজন ছিল। তারা মার্কেটে ঢুকেছে কীভাবে এটা আপাতত নিশ্চিত বলা যাচ্ছে না। সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ আলামত সংগ্রহের চেষ্টা করছি। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মহানগর  গোয়েন্দা (ডিবি) পুলিশ আলামত সংগ্রহ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত