ইবি শাখা ছাত্রলীগের শীর্ষ পদে আসছে কারা!

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৮:৩০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ দুই পদে কারা আসছেন? এ নিয়ে শাখা ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় ও ত্যাগী নাকি হঠাৎ রাজনীতিতে আসা কারও হাতে উঠবে শীর্ষ দুই পদ, এই নিয়ে নেতা-কর্মীদের মাঝে চলছে আলোচনা।

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সূত্রে, ‘শিগগিরই এই ইউনিটের কমিটি ঘোষণা করা হবে। কমিটিতে অবশ্যই মেধাবী, যোগ্য ও সৎ দুজনকে নেতৃত্বে আনা হবে।’

জানা যায়, ২০১৯ সালের ১৫ জুলাই রবিউল ইসলাম পলাশকে সভাপতি ও রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এক বছর মেয়াদি কমিটি হলেও ২ বছর ২৩ দিন পর গত ৮ ডিসেম্বর কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। কমিটি বিলুপ্তির পর গত ১৩ ডিসেম্বর সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের সিভি সংগ্রহ করে কেন্দ্রীয় কমিটির তিনজন সদস্য। এতে দুই পদের জন্য ৫৭ জন নেতা-কর্মী সিভি জমা দেন।

আরো জানা যায়, ইবি শাখা ছাত্রলীগের শীর্ষ দুই পদে আসার লড়াইয়ে এগিয়ে আছে কয়েকজন নেতা। নতুন কমিটিতে নিজের জায়গা পাকাপোক্ত করতে কেন্দ্রে তদবির শুরু করেছেন তারা। কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক থেকে শুরু করে সাবেক নেতা, প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যদের কাছেও ধরনা দিচ্ছেন পদপ্রত্যাশীরা।

পদপ্রত্যাশী উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন অর্থনীতি বিভাগের মিজানুর রহমান লালন, ফাহিমুর রহমান সেতু ও নাসিম আহমেদ জয়, আইন বিভাগের ফয়সাল সিদ্দিকী আরাফাত ও ইংরেজি বিভাগের তন্ময় শাহা টনি।

পদপ্রত্যাশী মিজানুর রহমান লালন বলেন, ‘দীর্ঘদিন ধরে ছাত্রলীগের শক্তিশালী এই ইউনিট নেতৃত্ব শূন্যতায় ভুগছে। ফলে নেতা-কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। এই দিকগুলো বিবেচনা করে কেন্দ্রীয় কমিটি দ্রুত নতুন নেতৃত্ব দেবে বলে আশা করি। যার মধ্য দিয়ে ছাত্রলীগের এই ইউনিট আরও গতিশীল হবে।’

এ বিষয়ে ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের কয়েকটি ইউনিটের মধ্যে ইবি শাখা ছাত্রলীগ গুরুত্বপূর্ণ একটি ইউনিট। এই ইউনিট গতিশীল করতে নতুন কমিটি আসা খুব জরুরি। এই বিবেচনায় কেন্দ্রীয় কমিটি খুব দ্রুত কমিটি ঘোষণা করবে বলে আশা করি।’

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ স্বাধীন শাহেদ বলেন, ‘আমরা তিনজন ইবি ক্যাম্পাসে গিয়ে পদপ্রত্যাশীদের সিভি সংগ্রহ করেছি। মোট ৫৭টি সিভি জমা পড়েছে। এগুলো যাচাইবাছাই করে আমরা রবিবার দুপুরে কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সেলে জমা দিয়েছি। পরবর্তী বিষয়গুলো কেন্দ্রীয় কমিটি দেখবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত