পুঁজিবাজারে সেকেন্ডারি বন্ড মার্কেটকে আরও কার্যকর করার সুপারিশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আর এ জন্য অবকাঠামো উন্নয়ন, বন্ড চালুর প্রক্রিয়া সহজ করা, বন্ড ইস্যুকারী ও বিনিয়োগকারীদের জন্য বিশেষ করছাড় এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জনে দেশীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রেডিট রেটিং এজেন্সি দ্বারা রেটিং ব্যবস্থার প্রবর্তন জরুরি বলে মনে করে বাণিজ্য সংগঠনটি।
গতকাল রবিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে এক বৈঠকে এসব সুপারিশ করেন ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান। এসইসি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডিসিসিআই সহ-সভাপতি মনোয়ার হোসেন।
ঢাকা চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসইসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা গতিশীল রাখতে কার্যকর পুঁজিবাজারের কোনো বিকল্প নেই।
তিনি উল্লেখ করেন, ‘গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার হাব’-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নের জন্য ২০১৬-২০৪০ সাল পর্যন্ত প্রায় ৬০৮ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রয়োজন। তবে এ সময়ে বাংলাদেশ অবকাঠামো খাতে প্রায় ৪১৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে সক্ষম। ফলে অবকাঠামো খাতে ইপ্সিত উন্নয়ন নিশ্চিত করতে প্রায় ১৯২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি রয়েছে। অবকাঠামো খাতে এ অর্থায়ন ঘাটতি কমাতে দেশের পুঁজিবাজার অন্যতম উৎস হিসেবে কাজ করতে পারে বলে মন্তব্য করেন ডিসিসিআই সভাপতি।
ডিএসই প্রবর্তিত এসএমই বোর্ডকে সাধুবাদ জানিয়ে রিজওয়ান রাহমান বলেন, এ কার্যক্রমকে উৎসাহিত করতে ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ এবং এসএমই বোর্ডে নিবন্ধিত উদ্যোক্তাদের প্রণোদনা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে করপোরেট কর সুবিধা প্রদান করা যেতে পারে।
এসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের ইতিবাচক ব্র্যান্ডিং তুলে ধরার লক্ষ্যে ইতিমধ্যে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে রোড শো আয়োজন করা হয়েছে। তিনি জানান, এসইসি আগামী মাসে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে রোড শো আয়োজন করতে যাচ্ছে, সেখানে তিনি ঢাকা চেম্বার নেতৃবৃন্দকে অংশগ্রহণের আহ্বান জানান।
