দীর্ঘ ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবাহনীকে মর্যাদার স্বাধীনতা কাপ এনে দিয়েছেন ফুটবলাররা। দ্বিতীয়বারের মতো এই শিরোপা জয়ে আবাহনী ক্লাবে শুরু হয়েছে বাঁধভাঙা উল্লাস। ২০১৮ সালে ফেডারেশন কাপ জয়ের পর থেকেই কোনো পর্যায়েই শিরোপা জেতা হয়নি তাদের। বিজয়ের মাসে স্বাধীনতা কাপ জয়টা ঐতিহ্যবাহী ক্লাবটির জন্য তাই বিশেষ কিছু। এ কারণে রাত পোহাতেই ক্লাবকর্তারা বিজয়ী ফুটবলারদের জন্য ঘোষণা দিয়েছেন আকর্ষণীয় বোনাসের। ক্লাবটির ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ ফুটবল দলের জন্য অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ‘ক্লাব থেকে স্বাধীনতা কাপ জয়ী দলকে ২৫ লাখ টাকা বোনাস ঘোষণা করা হয়েছে। এই অর্থ দলের সবার মধ্যে বন্টন করে দেওয়া হবে’ জানিয়েছেন ম্যানেজার সত্যজিৎ দাস রুপু।
×
