যুক্তরাজ্যের ব্রেক্সিটবিষয়ক মন্ত্রীর পদত্যাগ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০২:১৩ এএম

যুক্তরাজ্যের ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ডেভিড ফ্রস্ট পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের দিকনির্দেশনার ব্যাপারে হতাশ হয়ে পদ ছাড়লেন ফ্রস্ট। যুক্তরাজ্য জুড়ে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ মোকাবিলায় হিমশিম খাওয়া বরিসের জন্য ফ্রস্টের পদত্যাগকে একটা বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বরিসের ব্রেক্সিট কৌশলের একজন প্রধান কারিগর ফ্রস্ট। তার পদত্যাগের ফলে ব্রেক্সিট-সম্পর্কিত বিষয়গুলোর ভবিষ্যৎসহ নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে আলোচনার গতিপথ নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে তার পদত্যাগ বরিসের কনজারভেটিভ দলীয় সরকারের মধ্যে অস্বস্তির পরিবেশও যোগ করেছে। ফ্রস্ট জানান, ব্রেক্সিট নিরাপদে সম্পন্ন হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু সরকারের দিকনির্দেশনা নিয়ে তার মধ্যে উদ্বেগ কাজ করেছিল।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ও বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে বরিসকে দেওয়া একটি চিঠি গত শনিবার প্রকাশ করা হয়েছে। চিঠিতে বরিসকে ফ্রস্ট জানান, সরকারের বর্তমান দিকনির্দেশনা নিয়ে তার (ফ্রস্ট) উদ্বেগের কথা সম্পর্কে তিনি (বরিস) অবগত আছেন। ফ্রস্টের পদত্যাগের খবর গতকাল রবিবার প্রথম প্রকাশ করে ‘দ্য মেইল’। এতে বলা হয়, করোনাসংক্রান্ত বরিসের কঠোর বিধিনিষেধের জেরে ফ্রস্ট পদত্যাগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত