রিহ্যাব ফেয়ার শুরু হচ্ছে বৃহস্পতিবার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০২:১৯ এএম

আবাসন ব্যবসায়ীদের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার ২০২১’ শুরু হচ্ছে ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার। পাঁচদিনের এই মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এবারের মেলার ডায়মন্ড স্পন্সর রূপায়ণ রিয়েল এস্টেট লিমিটেড এবং গোল্ড স্পন্সর রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড।

গতকাল রবিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে রিহ্যাবের নেতারা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (অর্থ) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) ও মেলা আয়োজক কমিটির কো-চেয়ারম্যান কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (৩) লায়ন শরিফ আলী খান প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা দুপুর ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। অন্য দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। আগের ধারাবাহিকতায় এ বছরের মেলাতেও দুই ধরনের টিকিট থাকবে। একটি সিঙ্গেল এন্ট্রি। অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রির প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রির প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে দর্শনার্থী মেলার সময় পাঁচবার প্রবেশ করতে পারবেন। টিকিট বিক্রি থেকে পাওয়া সব টাকা দুস্থদের সাহায্যে ব্যয় করা হবে।

মেলায় ২২০টি স্টল থাকবে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়েছে, দুইটি ডায়মন্ড প্যাভিলিয়ন, ৬টি গোল্ড স্পন্সর, ২২টি কো-স্পন্সর, ১৫টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ দেওয়া সম্ভব হয়েছে। এ বছর মেলার ডায়মন্ড স্পন্সর হিসেবে রয়েছে ইউ-এস বাংলা আ্যাসেট লিমিটেড এবং রূপায়ণ রিয়েল এস্টেট লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে শেলটেক প্রাইভেট লিমিটেড, আকাশ ডেভেলপমেন্ট লিমিটেড, ক্রিডেন্স হাউজিং লিমিটেড, নাভানা রিয়েল এস্টেট লিমিটেড, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড ও আমিন মোহাম্মদ ফাউন্ডেশন। এ ছাড়া কো-স্পন্সর হিসেবে রয়েছে ২২টি প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে রিহ্যাব নেতারা বলেন, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে ২১ বছর ধরে সফলভাবে রিহ্যাব মেলার আয়োজন করা হচ্ছে। বিগত আয়োজনের ধারাবাহিকতায় এবারেও আবাসন ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতাদের সেতুবন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে অনেকগুলো প্রতিষ্ঠান যাচাই-বাছাই করার সুযোগ রিহ্যাব মেলা ছাড়া সম্ভব নয়। কম সময়ে এক ছাদের নিচে সব সেবা পাবেন ক্রেতারা। শুধু ফ্ল্যাট-প্লটই নয়, একইসঙ্গে গৃহঋণ এবং বাড়ি তৈরির নানা উপকরণও যাচাই করতে পারবেন তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, রিহ্যাব সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, রড, সিমেন্ট, টাইলসসহ ২৬৯ প্রকার লিংকেজ শিল্প প্রসারের মাধ্যমে পুরো নির্মাণ খাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সমগ্র নির্মাণ খাতের অবদান প্রায় ১৫ শতাংশ। বাংলাদেশের আবাসন শিল্প শুধু আবাসনই সরবরাহ করছে না, একইসঙ্গে ৪০ লাখ শ্রমিকের ওপর নির্ভরশীল ২ কোটি লোকের অন্নের জোগান দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত