আজই দেখা মিলবে ফাইনালিস্টদের

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১:৪২ পিএম

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির দুটি সেমিফাইনাল হবে আজ। যার একটিতে জাপানের মুখোমুখি হবে উড়তে থাকা ভারত। অপরটিকে পাকিস্তানের প্রতিপক্ষ কোরিয়া।

পরিসংখ্যানের আলোকে জাপানের বিপক্ষে ভারত পরিষ্কার ফেভারিট। জাপান সর্বশেষ ভারতকে হারিয়েছে ২০১৩ সালে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে। ২-১ গোলে জয়ের পর ভারতের বিপক্ষে ১৮ ম্যাচের ১৭টি হেরেছে জাপান! চলতি আসরেও ভারত জাপানকে গুনে গুনে দিয়েছে ছয় গোল। চার ম্যাচ জিতে রাউন্ড রবিনের সেরা হয়ে সেমিতে আসা ভারত দলের গোলকিপার সুরাজ কারেকারের কথায়ও ঝরছে আত্মবিশ্বাস, ‘কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সেমিফাইনাল খুবই গুরুত্বপূর্ণ। আমরা তার জন্য প্রস্তুত। ম্যাচে আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব।’

অপর সেমিতে পাকিস্তানের ফাইনালের পথে বাধা কোরিয়া। দু’দলের সাম্প্রতিক লড়াইয়ে এগিয়ে আছে পাকিস্তান। ২০১৩ সালের এশিয়া কাপে পাকিস্তানকে সর্বশেষ হারিয়েছে কোরিয়া। পরের ৭ ম্যাচে পাকিস্তান জিতেছে ৫টি, বাকি দুটি ড্র। রাউন্ড রবিন লিগে দু’দল ৩-৩ ড্র করায় অবশ্য আজকের ম্যাচ নিয়ে অনুমান করাটা কঠিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত