মেহজাবীন-রাজীবের ছবি নিয়ে জল্পনা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২:০২ এএম

বেশ কয়েক বছর ধরে শোবিজের মানুষের মধ্যে কানাঘুষা শোনা গিয়েছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীবের সম্পর্ক নিয়ে। একটা সময় নাকি মেহজাবীন অবসর পেলেই রাজীবের অফিসে চলে আসতেন আড্ডা দিতে। শোবিজে কান পাতলেই এ কথাগুলো শোনা যায়। তবে এই সম্পর্ক প্রথম দর্শকের সামনে আসে ২০১৮ সালে। রাজীবের সঙ্গে সিঁড়িতে বসে থাকার একটি ছবি পোস্ট করে মেহ্জাবীন ক্যাপশনে লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।’ সেই থেকেই এই অভিনেত্রী ও পরিচালকের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। এরপর কখনো তাদের একসঙ্গে বিপণি বিতানে হাত ধরে হাঁটতে দেখা গেছে, কখনো সিনেমা, রেস্তোরাঁ, দেশের বাইরে, এমনকি পারিবারিক অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গেছে। প্রতিবারই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। তবে এবার সব ছাড়িয়ে গেল একটি ছবি! সেই ছবিতে রাজীবের বুকে আশ্রয় নিয়েছেন মেহজাবীন। কালো শার্ট আর কালো সানগ্লাস পরা রাজীব সেই মুহূর্তটা সেলফিতে ধারণ করেছেন। ছবিটির ব্যাকগ্রাউন্ডে বিস্তীর্ণ সমুদ্র। বোঝাই যাচ্ছে সমুদ্রের ধারে কোনো এক হোটেলের বেলকনিতে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন তারা। একে অপরকে জড়িয়ে ধরে সমুদ্র কূলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন।  ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করে ক্যাপশনে রাজীব লিখেছেন, ভালোই লাগে। সেই ছবির নিচে শোবিজের বেশ কজন তারকার কমেন্টস দেখে যে কেউ বুঝবেন, এই সম্পর্কটার ব্যাপারে তারা অনেক আগে থেকেই জানেন।

ছবিটির ব্যাপারে খোঁজ নিতে মেহজাবীন আর রাজীবকে একাধিকবার ফোন করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। একই সময়ে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালও কিছু ছবি পোস্ট করেছেন। সেই সূত্র ধরে তার সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, ‘আমি এখন কক্সবাজারে। আমার দুজন বন্ধু বিয়ে করেছে এখানে। সেই বিয়েতে যোগ দিতেই এখানে এসেছি।’ তিনি আরও বলেন, ‘শুধু আমি নই, বিয়ের বর ও কনে শোবিজের অনেক তারকার বন্ধু। তাই বিয়েতে অংশ নিতে আরও এসেছিল আদনান আল রাজীব, মেহজাবীন চৌধুরী, সাফা কবির, শিরিন শিলা, সম্প্রীতিসহ অনেকে। আমরা ভীষণ মজা করেছি। সবাই ইতিমধ্যে ঢাকা ফিরেছে। কিন্তু আমার আজ থেকে কাপ্তাইয়ে অন্তর্জাল সিনেমার শ্যুটিং আছে বলে এখনো এখানে রয়ে গেছি।’

আদনান আর মেহজাবীনের আলোচিত ছবিটি এই বিয়ের অনুষ্ঠানের এক ফাঁকেই তোলা। তাদের সম্পর্ক নিয়ে অবশ্য খোলামেলা কিছুই বলতে চাননি সুনেরাহ। বললেন, ‘এ বিষয়ে আমি কোনো কথা বলব না’। কিন্তু তিনিও ছবিটি নিয়ে যে আলোচনা ও গুঞ্জনের জন্ম হয়েছে সেটি দেখেছেন বলে জানান। তার মতে, ‘এটা নিয়ে এত আলোচনার কী আছে? তাদের ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে! এবং তারা যদি সেটা চায় যে মানুষের সামনে আনবে সেই স্বাধীনতাও তাদের রয়েছে।’

আদনান আল রাজীবের সঙ্গে সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রেম বা বিয়ের গুঞ্জন আজ নতুন নয়। মাঝেই মাঝেই তাদের সম্পর্কের গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠে। বিভিন্ন সূত্রে জানা গেছে, দুজনের মধ্যে সম্পর্কটা অনেকদিনের। দুজনের পরিবারের মধ্যেও জানাশোনা। তাই ওই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে। শিগগিরই তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। এই অভিনেত্রী ও নির্মাতার ঘনিষ্ঠরাও বিয়ের ব্যাপারটি জানেন। আদনান আল রাজীবের কাছের বন্ধু চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি। এই নির্মাতা ২০১৯ সালে ফেইসবুকে মেহ্জাবীন ও আদনানের একসঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন মেহ্জাবিন চৌধুরী। এভাবেই হাসিখুশি থাকো আজীবন। শুভ কামনা।’ পরের বছরে আদনান আল রাজিবের জন্মদিনেও একই ছবি পোস্ট করে একই রকম কথা ক্যাপশনে লিখেছিলেন। গত বছর অক্টোবরে রেদওয়ান রনির জন্মদিনেও আদনানের সঙ্গে শুভেচ্ছা জানাতে এসেছিলেন মেহ্জাবীন। যদিও বিষয়টি নিয়ে মেহজাবীন জানিয়েছেন, ‘প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে। সেগুলো ব্যক্তিগতই থাকা উচিত। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কারও সঙ্গে আলাপ করি না এবং ইচ্ছুকও না!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত