চিলি পেল ৩৫ বছর বয়সী প্রেসিডেন্ট

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০১:৩৯ এএম

চিলির নতুন প্রেসিডেন্ট হয়েছেন সাবেক ছাত্রনেতা বামপন্থি গ্যাব্রিয়েল বোরিক। গত রবিবারের ভোটে কট্টর ডানপন্থি রক্ষণশীল নেতা জোসে অ্যান্তোনিও কাস্তকে পরাজিত করে দেশটির সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট নির্বাচিত হন ৩৫ বছর বয়সী বোরিক।

বিবিসির খবরে বলা হয়েছে, রবিবারের নির্বাচনে বোরিক পেয়েছেন ৫৬ শতাংশ ভোট আর তার প্রতিদ্বন্দ্বী কাস্ত পেয়েছেন ৪৪ শতাংশ। এ জয়ের ফলে বোরিক বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার বা রাষ্ট্রপ্রধান রাজনৈতিক নেতাদেরও একজন হলেন।

নভেম্বরের মাঝামাঝি চিলিতে প্রথম রাউন্ডের ভোট হয়। ওই নির্বাচনে জাতীয় কংগ্রেস ও আঞ্চলিক পরিষদের সদস্যদের নির্বাচন করেন দেশটির ভোটাররা। এরপর সেখানে এগিয়ে থাকা অ্যান্তোনিও কাস্ত আর বোরিকের মধ্যে ভোটযুদ্ধ হয়।

সাবেক কংগ্রেস সদস্য কাস্ত অতি ডানপন্থি হিসেবে পরিচিত। আর সাবেক ছাত্রনেতা বোরিক বামপন্থি একটি জোটের প্রার্থী হয়ে লড়েছেন। গত নভেম্বরের প্রথম রাউন্ডের নির্বাচনে সাতজন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন।

চিলির অনেক মানুষ মুক্তবাজার অর্থনীতির সমর্থক, যা কপার ধাতুতে সমৃদ্ধ এ দেশের কয়েক দশকের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রেখেছে। এর মাধ্যমে লাতিন আমেরিকায় অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম প্রতীক হয়ে ওঠে চিলি। তবে অনেক মানুষ গভীর অর্থনৈতিক বৈষম্য ঠেকাতে মরিয়া। প্রতিনিয়ত এ সংখ্যা বেড়ে চলেছে। যেসব দাবি নিয়ে মানুষ সবচেয়ে বেশি উচ্চকিত, তার মধ্যে অন্যতম একটি অবসরকালীন আংশিক ভাতা। সমালোচকরা এর জন্য চিলির পেনশন ব্যবস্থার উচ্চমাত্রায় বেসরকারিকরণকে দায়ী করে থাকেন। অন্যরা আবার উচ্চমূল্য, অনিশ্চিত বেসরকারি শিক্ষা, বেসরকারি ও সরকারি স্বাস্থ্যসেবার পার্থক্য নিয়ে সমালোচনায় মুখর। জয়ের পরে বোরিক এসব বৈষম্য নিরসন ও গণতন্ত্র সুসংহত করতে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত